প্রচ্ছদ » স্বাস্থ্য » বিস্তারিত
ডেঙ্গু কেড়ে নিলো আরও চার প্রাণ
২০২৬ নভেম্বর ১১ ১৭:৫৩:৫৬স্টাফ রিপোর্টার : গত ২৪ ঘণ্টায় আরও চারজনের প্রাণ কেড়ে নিয়েছে ডেঙ্গু। একই সময়ে এডিস মধাবাহিত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও এক হাজার ৯০০ জন। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গু সংক্রান্ত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া সবাই ঢাকা বিভাগের। সেইসঙ্গে আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগেই; ৭৮০ জন।
এছাড়া চট্টগ্রামে ২৪২ জন, খুলনায় ২২৬ জন, বরিশালে ২৪৯ জন, রাজশাহীতে ১৯৮ জন, ময়মনসিংহে ৮৫ জন, রংপুরে ১০৯ জন এবং সিলেট বিভাগে ১১ জন রোগী ভর্তি হয়েছেন।
সব মিলিয়ে চলতি বছর ডেঙ্গুতে সর্বমোট ৪৭৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে, অক্টোবরেই মারা গেছে ১৭৪ জন। এছাড়া সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
এদিকে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৫ হাজার ৬৬৮ জনে এবং এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৪৯ হাজার ১২৩ জন।
(ওএস/এসপি/নভেম্বর ১১, ২০২৬)
