ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

প্রচ্ছদ » জাতীয় » বিস্তারিত

‘রক্তের দাগ শুকায়নি, ফ্যাসিজম ভারত থেকে উঁকি দিচ্ছে’

২০২৬ নভেম্বর ১১ ১৯:১৩:৪৬
‘রক্তের দাগ শুকায়নি, ফ্যাসিজম ভারত থেকে উঁকি দিচ্ছে’

স্টাফ রিপোর্টার : দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে তরুণ প্রজন্মকে রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। আজ বুধবার বাংলা একাডেমিতে আইআইডি আয়োজিত তারুণ্যের ইশতেহার শীর্ষক মক পার্লামেন্টে এই কথা বলেন তিনি।

ডেপুটি স্পিকার বলেন, গত দেড় দশকে চাঁদাবাজ, বখাটে ও কর্মহীনরা দেশের রাজনীতিকে পরিচালনা করেছে। সমাজের সামগ্রিক পরিবর্তনের জন্য রাজনৈতিক কাঠামোর বিকল্প নেই। এ অবস্থার উত্তরণ ঘটাতে হবে।

কায়সার কামাল বলেন, ‘ফ্যাসিজম এখন ভারত থেকে উঁকি দিচ্ছে। রক্তের দাগ এখনো শুকায়নি, মায়ের আহাজারি এখনো থামেনি, বিচার এখনো সমাপ্ত হয়নি। অথচ ফ্যাসিস্টরা আবারও সিগন্যাল দিচ্ছে। আমাদের তো লজ্জা হওয়া উচিত। আজ কেন তরুণ প্রজন্ম এখনো ঘরে বসে আছে।’

তিনি বলেন, ফ্যাসিবাদের কোনো উপাদান আবারও বাংলার মাটিতে ফিরে আসুক, তা দেশের মানুষ চায় না। ফ্যাসিবাদের কারণে দেশ পিছিয়ে পড়েছিল। ২০২৪ সালে তরুণ সমাজের নেতৃত্বেই দেশ ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়েছে।

এ সময় মতভেদ থাকলেও দেশের প্রশ্নে চব্বিশের মতো সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

(ওএস/এসপি/নভেম্বর ১১, ২০২৬)