ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

প্রচ্ছদ » খেলা » বিস্তারিত

শ্রীলঙ্কাকে এক হালি গোল দিয়ে সেমিতে বাংলাদেশ

২০২৬ নভেম্বর ১২ ০০:৩৫:৪০
শ্রীলঙ্কাকে এক হালি গোল দিয়ে সেমিতে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের জয়টা কেবল নিজেদের গ্রুপ সেরা হওয়ার আনন্দেই সীমাবদ্ধ থাকল না, হাজার মাইল দূরের দেশ ভুটানের ডাগআউটেও যেন স্বস্তির জোয়ার বইয়ে দিল! কারণ জাতীয় স্টেডিয়ামে স্বাগতিকদের কাছে শ্রীলঙ্কার ৪-০ গোলের এই বিধ্বস্ত হওয়ার মধ্য দিয়েই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হলো তাদের। আর গোল ব্যবধানে লঙ্কানদের পেছনে ফেলে মাত্র ১ পয়েন্ট নিয়েই সেমিফাইনালে পা রাখল ভুটান।

অন্যদিকে টানা দুই জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে দাপটের সঙ্গেই ‘এ’ গ্রুপের সেরা দল হিসেবে শেষ চারে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।

ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখিয়েছে বাংলাদেশ।
পুরো দলই ছিল দুর্দান্ত ছন্দে। বিপরীতে শ্রীলঙ্কা আক্রমণে তেমন কোনো সুবিধা করতে পারেনি, তৈরি করতে পারেনি উল্লেখযোগ্য গোলের সুযোগও।
একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে চাপে রেখে শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে গোলের সূচনা করেন শমিত সোম।
প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক হামজা চৌধুরী। বিরতির পর ৫৩ মিনিটে দুর্দান্ত একক নৈপুণ্যে গোল করেন ফারহান আলী ওয়াহিদ। শেষ দিকে রাকিব হোসেনের গোলে পূর্ণতা পায় বাংলাদেশের বড় জয়। প্রায় দেড় বছর পর জাতীয় দলের হয়ে গোলের দেখা পেলেন এই ফরোয়ার্ড।

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ চুকিয়ে এবার সেমিফাইনালের লড়াইয়ে নামবে বাংলাদেশ। আগামী ১৪ নভেম্বর দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে তারা। একই দিন প্রথম সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ ভুটান।

চার গোলের জয়ে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি মুগ্ধতা ছড়িয়েছেন তরুণ উইঙ্গার ফারহান আলী ওয়াহিদ। ৫৩ মিনিটে ডি-বক্সের বাইরে বল পেয়ে প্রতিপক্ষের রক্ষণে ত্রাস ছড়ান তিনি। বাঁ প্রান্ত দিয়ে দুর্দান্ত গতিতে এগিয়ে গিয়ে একে একে চারজন লঙ্কান ডিফেন্ডারকে বোকা বানিয়ে নিখুঁত শটে বল জালে জড়ান ফারহান। তার সেই অসাধারণ গোলেই যেন ম্যাচ থেকে ছিটকে যায় শ্রীলঙ্কা।

বোরহামউড এফসির এই তরুণের নৈপুণ্যে মুগ্ধ হয়ে মাঠে ছুটে যান অধিনায়ক হামজা চৌধুরী। বুকে টেনে নিয়ে সতীর্থকে অভিনন্দন জানান তিনি। মজার ব্যাপার হলো, ম্যাচের আগে ফারহানকে ঘিরেই বড় ভবিষ্যদ্বাণী করেছিলেন শ্রীলঙ্কার কোচ আব্দুল্লাহ আল মুতাইরি। আগামী এক দশকে দক্ষিণ এশিয়ার সেরা ফুটবলার হওয়ার মতো প্রতিভা এই তরুণের মধ্যে দেখেছিলেন তিনি। মাঠের পারফরম্যান্সে ফারহান যেন সেই প্রশংসারই যথার্থ জবাব দিলেন।

অবশ্য ফারহানের সেই জাদুকরী মুহূর্তের আগেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নিয়েছিল বাংলাদেশ। অষ্টম মিনিটেই গোল উৎসবের সূচনা করেন শমিত সোম। ডান প্রান্ত থেকে হামজা চৌধুরীর বাড়ানো বল ঠিকমতো নিয়ন্ত্রণে নিতে পারেননি লঙ্কান গোলরক্ষক সুজন পেরেরা। ফিরতি বলে দ্বিতীয় প্রচেষ্টায় জালে পাঠিয়ে বাংলাদেশকে এগিয়ে দেন শমিত।

প্রথমার্ধের শেষ দিকে, ৪৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হামজা। বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে জোরালো শটে বল জালে পাঠান অধিনায়ক। অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই গোল করে নিজের সামর্থ্যের প্রমাণ দেন তিনি।

বিরতির পর ফারহানের দুর্দান্ত গোলে ব্যবধান ৩-০ করে বাংলাদেশ। ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে থাকায় এরপর বেঞ্চের খেলোয়াড়দের পরখ করে নেওয়ার সুযোগ কাজে লাগান কোচ থমাস ডুলি। নিয়মিত কয়েকজনকে তুলে নিয়ে মাঠে নামান শুকি ইতোফুসা, ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ হৃদয়, রহমত মিয়া ও জামাল ভূঁইয়াকে।

শেষ দিকে ৮৭ মিনিটে লঙ্কান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে চমৎকার চিপে দলের চতুর্থ গোলটি করেন রাকিব হোসেন। দৌড়ে এক প্রতিপক্ষকে পেছনে ফেলে তার নিখুঁত ফিনিশিংয়ে পূর্ণতা পায় বাংলাদেশের বড় জয়। প্রায় দেড় বছর পর জাতীয় দলের জার্সিতে গোল করলেন রাকিব।

সাফে অংশ নেওয়ার আগেই নিজেদের ফেবারিট দাবি করেছিলেন হামজা। গ্রুপ পর্বে দুই জয়ে পূর্ণ ছয় পয়েন্ট, প্রতিপক্ষের জালে চার গোল এবং নিজেদের জাল অক্ষত রাখার আত্মবিশ্বাস নিয়ে এবার সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হওয়ার অপেক্ষায় বাংলাদেশ।
(ওএস/এএস/নভেম্বর ১২, ২০২৬)