ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

প্রচ্ছদ » রাজনীতি » বিস্তারিত

‘গোপনে বিদেশি এজেন্সির সঙ্গে বসার কোনো ইতিহাস জামায়াতের নেই’

২০২৬ নভেম্বর ১২ ০১:১৮:৪৩
‘গোপনে বিদেশি এজেন্সির সঙ্গে বসার কোনো ইতিহাস জামায়াতের নেই’

স্টাফ রিপোর্টার : কোনো দেশের কোনো গোয়েন্দা সংস্থার সঙ্গে বসা বা গোপনে বৈঠক করার কোনো ইতিহাস জামায়াতে ইসলামীর নেই বলে দাবি করেছেন দলটির আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, আমরা একটি রাজনৈতিক দল। রাজনৈতিক প্রতিপক্ষ ও বন্ধুদের সঙ্গে বসবো, কোনো এজেন্সির সঙ্গে বসার প্রশ্নই ওঠে না।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ৩০০ বিধির বক্তব্যের পর দেওয়া প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

এর আগে দেশে সাম্প্রতিক অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে উসকানি দেওয়া হচ্ছে বলে জামায়াত আমির যে বক্তব্য দিয়েছেন, তার সঙ্গে একমত পোষণ করে স্বরাষ্ট্রমন্ত্রী দলটির প্রতি ইঙ্গিত করে ‘ঢাকায় বিদেশি এজেন্সির সঙ্গে গোপন বৈঠক’ নিয়ে সন্দেহ পোষণ করেন।

তিনি বলেন, বিভিন্ন সময়ে ঢাকায় একটি দলের শীর্ষ নেতাদের সঙ্গে বিদেশি বিভিন্ন সংস্থার লোকজনের গোপন বৈঠকের সঙ্গে এই উসকানির কোনো সম্পর্ক আছে কি না, তা জনগণ জানতে চায়।

স্বরাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্যের প্রতিক্রিয়ায় জামায়াত আমির বলেন, যারা আমাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ করছেন, তারাই দেশে-বিদেশে বিভিন্ন এজেন্সির সঙ্গে বসেছেন। এজেন্সির দেশে গিয়ে তাদের সঙ্গে দেখা করে দুঃখ প্রকাশ করেছেন। প্রকাশ্যে বলেছেন, তাদের দলের অতীতের নীতি ভুল ছিল, ভবিষ্যতে আর সেই ভুল করবেন না।

ডা. শফিকুর বলেন, আমি উনার (স্বরাষ্ট্রমন্ত্রীর) বক্তব্যের শেষ থেকে শুরু করতে চাই। উনি শেষের দিকে এসে একটি আবেদন জানিয়েছেন। বলেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে ২০২৪ সালে যেভাবে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, সেই ঐক্যের মাধ্যমে আগামীর বাংলাদেশকে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেবো। উনার এই অনুভূতির জন্য ধন্যবাদ।
তিনি বলেন, এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী ইঙ্গিতপূর্ণ কিছু কথা বলেন। আমাকেও কোট করেছেন। বলেন, সীমান্তের ওপার থেকে সুড়সুড়ি দেওয়া হচ্ছে। এ বিষয়ে একমত। তবে এমন কথাও রয়েছে যে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে একটি দলের বোঝাপড়া হয়েছে। এই সুড়সুড়ির পেছনে ওই দলের কোনো সম্পর্ক আছে কি না, সেটি পরিষ্কার করার আহ্বান জানান তিনি।

শফিকুর রহমান বলেন, যদি স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নিয়োজিত জামায়াতবিষয়ক ২৪ ঘণ্টার সচিব মর্যাদার একজন ব্যক্তিকে ইঙ্গিত করে থাকেন, তাহলে তাকে স্পষ্টভাবে বলতে চাই, বিষয়টি আমরা চ্যালেঞ্জ করেছিলাম। বলেছিলাম, এর প্রমাণ উপস্থাপন করুন।

তিনি বলেন, বিষয়টি অন্যভাবে বলতে গেলে বলতে হয়, ঠাকুরঘরে কে রে, আমি কলা খাই না। যারা এসব কথা বলছেন, ঠাকুরঘরে তারাই বসে আছেন। তারা আত্মগোপনে আছেন, বিষয়টি গোপনও নয়, প্রকাশ্য।

বর্তমান রাষ্ট্রপতির প্রসঙ্গ টেনে জামায়াতের আমির বলেন, অত্যন্ত বিনয় ও শ্রদ্ধা রেখে বলতে চাই, বর্তমান রাষ্ট্রপতি মহোদয়ও প্রকাশ্যে এ ধরনের কথাবার্তা বলেছেন। তিনি বলেছেন, তোমাদের সব দরজা খুলে দেবো, তোমাদের সব মামলা তুলে নেবো। আমরা তো এসব কথা বলিনি।

তিনি বলেন, আমাকে ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে। ১২ আগস্টের একটি সংবাদ সম্মেলনের প্রসঙ্গ তুলে বলা হয়েছে, আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন। কিন্তু ওই ২২ মিনিটের বক্তব্যে একবারও স্বপ্নেও আমি আওয়ামী লীগের নাম উচ্চারণ করেননি। সেই ভিডিও এখনো আছে, যে কেউ দেখে নিতে পারেন।

তিনি আরও বলেন, একজন ব্যক্তি ২৪ ঘণ্টা আমাদের পেছনে খেদমত দিয়ে যাচ্ছেন। আমরা তাকে কোনো বেতন বা মজুরি দিতে পারছি না বলে দুঃখিত। তিনি সন্ধ্যায় একটি কথা বলেন, রাতে আরেকটি বলেন, পরদিন সকালে আরেকটি বলেন, দুপুরে আরেকটি বলেন। এভাবে তিনি কাজ চালিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, এ ধরনের একজন ব্যক্তিকে উদ্ধৃত করে যদি আমাদের ইঙ্গিত করা হয় যে আমরা কোনো বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বসেছি, তাহলে আজ এই ৩০০ সদস্য বন্ধুদের সঙ্গে বসবো। এজেন্সির সঙ্গে বসার কোনো প্রশ্নই ওঠে না।

তিনি আরও বলেন, বরং আমাদের নামে যারা এসব অভিযোগ করছেন, তারাই দেশে-বিদেশে এজেন্সির সঙ্গে বসেছেন। এজেন্সির দেশে গিয়ে তাদের সঙ্গে দেখা করে দুঃখ প্রকাশ করেন। প্রকাশ্যে বলেন, তাদের দলের অতীতের নীতি ভুল ছিল, ভবিষ্যতে আর সেই ভুল করবেন না। এগুলো তাদের প্রকাশ্য বক্তব্য। তাই মেহেরবানি করে আয়নায় নিজেদের চেহারা দেখাই উত্তম হবে।

(ওএস/এএস/নভেম্বর ১২, ২০২৬)