ঢাকা, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

প্রচ্ছদ » অর্থ ও বাণিজ্য » বিস্তারিত

নতুন পে-স্কেলে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০২০০ টাকা

২০২৬ নভেম্বর ১৩ ০১:০৩:১৬
নতুন পে-স্কেলে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০২০০ টাকা

স্টাফ রিপোর্টার : সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের জাতীয় বেতনস্কেল অনুযায়ী অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের নিট পেনশন বৃদ্ধির হার এবং সর্বনিম্ন ও সর্বোচ্চ পেনশনের সীমা নির্ধারণ করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়।

এতে বিদ্যমান নিট পেনশনের পরিমাণ অনুযায়ী ৫৫ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির বিধান রাখা হয়েছে। একই সঙ্গে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার টাকা এবং সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগ থেকে এ-সংক্রান্ত গেজেট জারি করা হয়। বুধবার (১১ নভেম্বর) জারি হওয়া গেজেটটি প্রকাশ করা হয়েছে বৃহস্পতিবার (১২ নভেম্বর)। এতে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ক্ষমতাবলে চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬-এর কয়েকটি বিধান সংশোধন করা হয়েছে। প্রজ্ঞাপনটি ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর বলে গণ্য হবে।

প্রজ্ঞাপনে ৩০ জুন ২০২৬ তারিখে প্রাপ্ত নিট পেনশনের পরিমাণের ভিত্তিতে পেনশন বৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে। যাদের নিট পেনশন ৯ হাজার টাকা পর্যন্ত, তাদের পেনশন ১০০ শতাংশ বাড়বে। ৯ হাজার ১ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত নিট পেনশন পাওয়া ব্যক্তিদের বাড়বে ৭৫ শতাংশ। ২০ হাজার ১ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত পেনশন পাওয়া ব্যক্তিদের বাড়বে ৬৫ শতাংশ।

এছাড়া ৩০ হাজার ১ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত নিট পেনশন পাওয়া ব্যক্তিদের ৬০ শতাংশ এবং ৪০ হাজার ১ টাকা বা তার বেশি পেনশন পাওয়া ব্যক্তিদের ৫৫ শতাংশ বৃদ্ধির বিধান রাখা হয়েছে।

সংশোধিত বিধান অনুযায়ী, পেনশন বৃদ্ধির পর সর্বনিম্ন নিট পেনশন হবে ১০ হাজার টাকা। তবে বিদ্যমান নিট পেনশনের পরিমাণ অনুযায়ী বিভিন্ন স্তরে সর্বোচ্চ সীমাও নির্ধারণ করা হয়েছে। ৯ হাজার টাকা পর্যন্ত পেনশন পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে সর্বোচ্চ ১৮ হাজার টাকা, ৯ হাজার ১ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত পেনশনের ক্ষেত্রে ৩৫ হাজার টাকা, ২০ হাজার ১ থেকে ৩০ হাজার টাকার ক্ষেত্রে ৪৯ হাজার টাকা, ৩০ হাজার ১ থেকে ৪০ হাজার টাকার ক্ষেত্রে ৬২ হাজার টাকা এবং ৪০ হাজার ১ টাকা বা তার বেশি পেনশনের ক্ষেত্রে সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে একাধিক পারিবারিক পেনশনভোগীর ক্ষেত্রেও বিশেষ বিধান যুক্ত করা হয়েছে। কোনো মূল পেনশনভোগী একাধিক পারিবারিক পেনশনভোগী রেখে মারা গেলে মূল পেনশনভোগীর প্রাপ্য উৎসব ভাতাকে ভিত্তি ধরে বিধি মোতাবেক আনুপাতিক হারে পারিবারিক পেনশনভোগীদের মধ্যে নিট পেনশন বণ্টন করতে হবে।

এছাড়া যেসব বিদ্যমান পেনশনভোগী মাসিক ৭০ হাজার ২০০ টাকার বেশি নিট পেনশন পেয়ে থাকেন, তারা ১ জুলাই ২০২৭ তারিখে বার্ষিক নিট পেনশন বৃদ্ধির বিধান কার্যকর হওয়া পর্যন্ত বিদ্যমান হারে পেনশন পাবেন।

অন্যদিকে অবসর-উত্তর ছুটি ও পেনশন নির্ধারণের ক্ষেত্রেও সংশোধনী আনা হয়েছে। যেসব কর্মচারীর অবসর-উত্তর ছুটি ১ জুলাই ২০২৬ তারিখের আগে শুরু হয়েছে এবং ওই তারিখে বা পরবর্তী সময়ে চলমান রয়েছে, তাদের ক্ষেত্রে জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী অবসর-উত্তর ছুটিকালীন বেতন ও ভাতাদি বিশেষ সুবিধাসহ দেওয়া হবে। অবসর-উত্তর ছুটি শেষ হওয়ার পর তাদের নিট পেনশন ও আনুতোষিক ২০২৬ সালের জাতীয় বেতনস্কেলের সংশ্লিষ্ট বিধান অনুযায়ী নির্ধারিত হবে।

যেসব কর্মচারী ১ জুলাই ২০২৬ তারিখে বা পরবর্তী সময়ে অবসর-উত্তর ছুটিতে যাবেন, তাদের ক্ষেত্রে জাতীয় বেতনস্কেল, ২০২৬ অনুযায়ী বেতন ও ভাতাদি দেওয়া হবে। অবসর-উত্তর ছুটি শেষে তাদের নিট পেনশন ও আনুতোষিকও নতুন বেতনস্কেলের বিধান অনুযায়ী নির্ধারিত হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, কোনো কর্মচারী ৩০ জুন ২০২৬ তারিখে চাকরি সমাপ্তির পর ১ জুলাই ২০২৬ তারিখে অবসর-উত্তর ছুটি অর্জনের ক্ষেত্রে ২০১৫ সালের বেতনস্কেল অনুযায়ী অবসরকালীন নির্ধারিত মূল বেতনের সমপরিমাণ ল্যাম্পগ্র্যান্ট পাবেন। তবে ১ জুলাই ২০২৬ বা পরবর্তী সময়ে অবসর-উত্তর ছুটি শুরু হলে ২০২৬ সালের বেতনস্কেল অনুযায়ী অবসরকালীন নির্ধারিত মূল বেতনের সমপরিমাণ ল্যাম্পগ্র্যান্ট প্রাপ্য হবেন।

অর্থ মন্ত্রণালয়ের এ প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে সই করেছেন অর্থ বিভাগের যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলম।

(ওএস/এএস/নভেম্বর ১৩, ২০২৬)