প্রচ্ছদ » রাজনীতি » বিস্তারিত
‘মস্তিষ্ক বিকলাঙ্গ না হলে জামায়াত আমির সংসদে ফালতু বলতে পারতো না’
২০২৬ নভেম্বর ১৩ ১৩:৪৭:৩৬
স্টাফ রিপোর্টার : রাশেদ খাঁন ফালতু হয়ে গেছে, জামায়াতের আমির জাতীয় সংসদে দাঁড়িয়ে এই ধরনের ভাষায় কথা বলেন জানিয়ে প্রধানমন্ত্রীর এই বিশেষ রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, মস্তিষ্ক বিকলাঙ্গ না হলে জামায়াতের আমির সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে ফালতু বলতে পারতো না। তিনি এ ধরনের অসংযত শব্দচয়ন করছেন, আবার নিজেকে আইন প্রণেতা হিসেবে দাবি করেন। বিশাল মার্জিত রাজনৈতিক দল নাকি এটা।
শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরাম আয়োজিত বিশেষ সাধারণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (রাজনৈতিক) মো. রাশেদ খাঁন এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বলেছেন, আপনারা শেখ মুজিবুর রহমানকে দোষী করেন যে একাত্তরের সঠিক ইতিহাস বিকৃত করা হয়েছে। কেন চব্বিশের গণঅভ্যুত্থানের সঠিক ইতিহাস নাহিদ ইসলাম জাতির সামনে হাজির করছে না? কারণ নাহিদ ইসলাম সঠিক ইতিহাস হাজির করলে গণঅভ্যুত্থানের ইতিহাস যদি রচনা করে সেক্ষেত্রে গণঅভ্যুত্থানের মীরজাফর হলো হাসনাত এবং সারজিস।
তিনি বলেন, আমি নাহিদ এবং আসিফের গণঅভ্যুত্থানে সাহসী ভূমিকা নিয়ে কোনো প্রশ্ন রাখতে চাই না। কিন্তু আমি বারবার বলবো, শতবার বলবো, হাজার বার বলবো, গণঅভ্যুত্থানের মীরজাফর হলো হাসনাত এবং সারজিস।
মো. রাশেদ খাঁন বলেন, গতকাল আপনারা দেখেছেন যে, সংসদে কীভাবে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বেয়াদবি করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য যে সময় রাখতে যাবেন, তার সঙ্গে এনসিপি এবং জামায়াতের কতিপয় সদস্য যে ধরনের বেয়াদবি করেছে, এই বেয়াদবি জাতীয় সংসদের মতো জায়গায় চলে না।
তিনি বলেন, আমি দেখেছি যে জামায়াতের কয়েকজন এমপিকে বারবার বসার জন্য অনুরোধ করেছে, কিন্তু তিনি বসলেন না। অন্তর্বর্তীকালীন সরকারের আশির্বাদপুষ্ট হয়ে এরা এমপি হয়েছে। এমপি হয়ে এদের ক্ষমতার জোর এমনভাবে তারা দেখাতে চাচ্ছে যে মনে হচ্ছে এরাই বুঝি ক্ষমতায় আছে। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যে সময় বেয়াদবি করছে, বিএনপির বা বিএনপির জোটের যারা এমপিরা ছিল, তারা চাইলে কি পাল্টা বেয়াদবি করতে পারতো না? বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে, বিএনপি অত্যন্ত সহনশীল। যে কারণে জামায়াত এবং এনসিপির এই কতিপয় বেয়াদব এমপির উগ্র আচরণ এটিকে সহ্য করা লাগছে। বিএনপি কতটা সহনশীল হয়ে রাষ্ট্র পরিচালনা করছে, সেটি যদি আপনারা গতকালকের সংসদ অধিবেশনের দৃশ্য দেখে থাকেন, আশা করি আপনারা বুঝবেন।
তিনি বলন, গণঅভ্যুত্থানের পরে আমরা একটি নতুন বাংলাদেশ চেয়েছিলাম, যেখানে সাম্য, মানবিক মর্যাদা, ন্যায়বিচার থাকবে জানিয়ে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসে ন্যায়বিচারের জন্য কি কি করা হয়েছে? যারা এখন এত চিল্লাপাল্লা করছে, বলতে পারবে? ১৮ মাসে ন্যায়বিচারের জন্য কি কি করেছে? সাম্যের জন্য কি কি করেছে? বিভিন্ন এলাকার বরাদ্দ কুমিল্লার দুই উপজেলায় আসিফ মাহমুদ আর হাসনাত আবদুল্লাহ নিয়ে চলে গেছে। আপনার এলাকার বরাদ্দ চলে গেছে কুমিল্লায় কিংবা এনসিপির নেতারা যেখানে ছিল সেখানে। এই হলো তাদের কাছে সাম্য আর মানবিক মর্যাদা? আজকে বড় বড় কথা বলছে, ১৮ মাসের ইতিহাস আমরা কি আসলেই ভুলে গিয়েছি? ১৮ মাসে দেখি নাই কি পরিমাণ লুটপাট, চাঁদাবাজি, মব বাজি এই এনসিপির লোকজন করেছে।
তিনি আরও বলেন, আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছিলাম। যে বাংলাদেশের সরকারি দল রাষ্ট্র পুনর্গঠনে কাজ করবে এবং যারা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে প্রধান বিরোধীদল হয়েছে, তারা সরকারকে রাষ্ট্র পুনর্গঠনে সহযোগিতা করবে। সরকারকে সহযোগিতা করার দরকার নাই, রাষ্ট্র পুনর্গঠনে সহযোগিতা করুন। সেই সহযোগিতা তারা করেছে? আওয়ামী লীগের সন্ত্রাসীরা আগুন দিচ্ছে, জামায়াত এনসিপি সেখানে ঘি ঢেলে দিচ্ছে। এইভাবে কি রাষ্ট্র এগিয়ে যেতে পারে? এইভাবে কি রাষ্ট্র পরিবর্তনের পথে অগ্রসর হতে পারে?
হাসনাত এবং সারজিস-এর কথা তুলে ধরে তিনি বলেন, গণঅভ্যুত্থানে ১৯ জুলাই যেদিন সবথেকে বেশি শহীদ হয়েছে, ওরা সেদিন হাসিনার মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছে। শহীদের রক্ত মাড়িয়ে বৈঠক করেছে। এটি কি মিথ্যা? যে সময় নাহিদ এবং আসিফরা ডিবি কার্যালয়ে মার খাচ্ছিল, হাসনাত এবং সারজিস সেখানে জুস খাচ্ছিল। আমার কাছে সমস্ত কিছুর প্রমাণ আছে, রেকর্ডে। যারা সেখানে ছিল, আমি সবার সাথে কথা বলেছি। গণঅভ্যুত্থান নিয়ে আমি একটি ইতিহাস লিপিবদ্ধ করেছি এবং সেখানে আমি সমস্ত তথ্য উপাত্ত সংগ্রহ করে এই ফাইন্ডিংস পেয়েছি।
আসিফ মাহমুদকে জিজ্ঞেস করবেন, নাহিদ ইসলামকে জিজ্ঞেস করবেন যে পুকুরপাড়ে বসে হাসনাত এবং সারজিস জুস খাইতো কি না। কেন নাহিদ ইসলাম আজকে গণঅভ্যুত্থানের সঠিক ইতিহাস সামনে আনে না?
(ওএস/এএস/নভেম্বর ১৩, ২০২৬)
