ঢাকা, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

সালথায় নিজ অর্থায়নে রাস্তা নির্মাণ করছেন ছরোয়ার হোসেন

২০২৬ নভেম্বর ১৩ ১৭:৩৮:১৭
সালথায় নিজ অর্থায়নে রাস্তা নির্মাণ করছেন ছরোয়ার হোসেন

সালথা প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের নটখোলা গ্রামের নাওরা পাড়ায় দীর্ঘ ৫০ বছরেও নির্মাণ হয়নি চলাচলের উপযোগী রাস্তা। অবশেষে স্থানীয় মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে ব্যক্তিগত অর্থায়নে রাস্তা নির্মাণের উদ্যোগ নিয়েছেন মুহা. ছরোয়ার হোসেন। তাঁর এমন উদ্যোগে এলাকায় ব্যাপক সাড়া পড়েছে। একের পর এক রাস্তা নির্মাণ, সংস্কার ও বাঁশের সাঁকো মেরামতের মতো জনকল্যাণমূলক কাজ করে আলোচনায় এসেছেন তিনি।

আজ শুক্রবার সকালের দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার সোনাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নটখোলা গ্রামের নাওড়া পাড়ায় রাস্তা নির্মাণের কাজ চলছে। মো. হাশেম খানের বাড়ি থেকে মুরাদ খানের বাড়ি পর্যন্ত প্রায় ৪৬০ ফুট রাস্তা নির্মাণের জন্য নিচু ও চলাচলের অনুপযোগী জায়গায় মাটি ভরাট করা হচ্ছে। প্রাথমিকভাবে কাঁচা রাস্তা নির্মাণের পর পর্যায়ক্রমে সেখানে ইটের সোলিং করে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তাটি দিয়ে নটখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী ও মাদ্রাসার শিক্ষার্থীরা নিয়মিত যাতায়াত করে। পাশাপাশি সহস্রাধিক পরিবারের কয়েক হাজার মানুষের চলাচলের অন্যতম প্রধান পথ এটি। এ ছাড়া রাস্তাটি ব্যবহার করে প্রায় ১৫০ একর জমির পাট, ধান ও পেঁয়াজসহ বিভিন্ন কৃষিপণ্য আনা-নেওয়া করা হয়।

দীর্ঘদিন ধরে রাস্তাটি চলাচলের অনুপযোগী থাকায় বিশেষ করে বর্ষা মৌসুমে চরম দুর্ভোগ পোহাতে হতো এলাকাবাসীকে। কাদা-পানিতে পথটি প্রায় অচল হয়ে পড়ত। এতে স্কুলগামী শিশু, বয়স্ক মানুষ ও অসুস্থ রোগীদের চলাচলে বেশি সমস্যায় পড়তে হতো। নতুন করে রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়ায় দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তির আশা করছেন স্থানীয় বাসিন্দারা।

এর আগেও সোনাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যক্তিগত অর্থায়নে একাধিক উন্নয়নমূলক কাজ করেছেন মুহা. ছরোয়ার হোসেন। এর মধ্যে রয়েছে রংরায়েরকান্দী গ্রামে মূল সড়ক থেকে চাকলাদার বাড়ি পর্যন্ত প্রায় ৮০০ ফুট কাঁচা রাস্তা নির্মাণ ও ইটের সোলিং এবং ফুকরা গ্রামে সালথা-সোনাপুর সড়কের ছিদ্দিক মাতুব্বরের বাড়ি থেকে হারুন মাতুব্বরের বাড়ি পর্যন্ত প্রায় ৯০০ ফুট ইটের সোলিং রাস্তা নির্মাণ।

স্থানীয় বাসিন্দা মো. হাশেম খান বলেন, “দীর্ঘ ৫০ বছর ধরে অনেকের কাছে রাস্তার দাবি জানিয়েছি। আশ্বাস পেয়েছি, কিন্তু রাস্তা পাইনি। মুহা. ছরোয়ার হোসেন আমাদের সমস্যার কথা শুনে নিজ উদ্যোগে রাস্তা নির্মাণের কাজ শুরু করেছেন। তাঁর জন্য মন থেকে দোয়া করি। তিনি কথা নয়, কাজের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর দৃষ্টান্ত স্থাপন করেছেন। রাস্তাটি হলে আমাদের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে। বিশেষ করে বর্ষার সময় পাট পরিবহন ও বিলের পানিতে পাট জাগ দেওয়ার কাজে অনেক উপকার হবে।

আরেক বাসিন্দা মুরাদ খান বলেন, গ্রামের মানুষের চলাচলের সমস্যা সমাধানে এগিয়ে আসার মতো মানুষ খুব কম পাওয়া যায়। গত কয়েক বছর ধরে বিভিন্ন জনপ্রতিনিধির কাছে ঘুরেছি। শুধু আশ্বাস পেয়েছি, রাস্তা পাইনি। পরে মুহা. ছরোয়ার হোসেনের কাছে সমস্যার কথা জানালে তিনি সঙ্গে সঙ্গেই এলাকায় এসে জায়গাটি পরিদর্শন করেন এবং রাস্তা নির্মাণের আশ্বাস দেন। আজ সেই রাস্তার কাজ বাস্তবে দেখতে পাচ্ছি। দীর্ঘ ৫০-৫২ বছর ধরে আমরা শুধু আশ্বাসই পেয়েছি। এবার আমাদের কষ্টের অবসান হতে যাচ্ছে। আল্লাহ তাঁকে মানুষের পাশে দাঁড়ানোর তাওফিক দিয়েছেন।

এ বিষয়ে মুহা. ছরোয়ার হোসেন বলেন, আমি রাজনীতি করি মানুষের জন্য। এলাকার মানুষের চলাচলের দুর্ভোগ দেখলে নিজের কাছেই খারাপ লাগে। সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। মানুষের উপকারে আসতে পারাটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।

তিনি আরও বলেন, আমি গ্রামের সন্তান। ব্যবসার কারণে শহরে বসবাস করলেও গ্রামে ঘুরে ঘুরে মানুষের সমস্যা দেখেছি। গ্রামের সহজ-সরল মানুষকে বিভিন্ন সময়ে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট নেওয়া হয়েছে, কিন্তু নির্বাচিত হওয়ার পর অনেকেই তাঁদের খোঁজ রাখেননি। তাই যেসব মানুষ দীর্ঘদিন ধরে নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত, তাঁদের পাশে দাঁড়িয়ে সামর্থ্য অনুযায়ী কাজ করে যাচ্ছি। আল্লাহ যেন সারা জীবন মানুষের পাশে থাকার তাওফিক দেন। জনগণ আমাকে ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত করলে সোনাপুর ইউনিয়নকে একটি আধুনিক, পরিকল্পিত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।

(এএন/এসপি/নভেম্বর ১৩, ২০২৬)