প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
দোষী সাব্যস্ত হলেও বদলি হননি সাতক্ষীরা জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা
২০২৬ নভেম্বর ১৪ ০১:০০:০৪
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : তদন্তে দোষী সাব্যস্ত হওয়ার পরও প্রধান কার্যালয়ের এক কর্মকর্তাকে ম্যানেজ করে সাতক্ষীরা জেলা মহিলা সংস্থার কর্মকর্তা আনিসুর রহমান মল্লিক একই পদে একই কর্মস্থলে অবস্থান করছেন। প্রতিশোধ নিতে তার বিরুদ্ধে অভিযোগকারি তার অফিসের দর্জি প্রশিক্ষক রোকেয়া বেগমকে ছয় মাস চাকরি থাকতে বাগেরহাটে বদলী করিয়েছেন।
এতেই থেমে থাকেননি আনিসুর রহমান মল্লিক। প্রধান কার্যালয়ের নির্দেশে অবসর পূর্ববর্তী বিভিন্ন তথ্য সম্পর্কে প্রতিবেদনে মিথ্যাচার করে রোকেয়া বেগমের পেনশন ও অবসরকালিন ভাতা পাওয়ার ক্ষেত্রে ষড়যন্ত্র করে যাচ্ছেন তিনি একইভাবে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ থানার পরও তার স্ত্রী জাতীয় মহিলা সংস্থার শ্যামনগর শাখার কর্মচারি শামসুন্নাহার স্বামীর প্রভাবে বেপরোয়া হয়ে উঠেছেন। মুখ থুবড়ে পড়েছে অফিসের কার্যক্রম।
জাতীয় মহিলা সংস্থার সাতক্ষীরা শাখার অবসরপ্রাপ্ত দর্জি প্রশিক্ষক রোকেয়া বেগম জানান, জেলা কর্মকর্তার অসদাচরণ ও বিভিন্ন অনিয়ম দূর্ণীেিত অতিষ্ঠ হয়ে তিনিসহ চারজন কর্মকর্তা –কর্মচারি ও ৩০ জন শিক্ষার্থী ২০২৪ সালের পহেলা আগষ্ট প্রধান কার্যালয়ে লিখিত অভিযোগ করেন। অভিযোগ প্রমাণিত হওয়ার পরও তার বিরুদ্ধে কোন দৃশ্যমান শাস্তি না হওয়া ও তাকে একই স্থানে চাকরির সূযোগ দেওয়ায় আনিসুর রহমান মল্লিক আরো বেশী বেপরোয়া হয়ে ওঠেন।
একপর্যায়ে ছয় মাস চাকরি থাকার পরও তাকে প্রতিহিংসামূলক বাগেরহাটে বদলি করা হয়। সেখান কর্মরত থাকা অবস্থায় চলতি বছরের ৬ এপ্রিল তিনি অবসরে যান। পরদিন থেকে তার অবসরোত্তর ছুটি (পিএলও) মঞ্জুর করা হয়। তার অবসরকালিন পেনসন ও ভাতা পাওয়ার সুবিধার্থে প্রধান কার্যালয় থেকে তার (রোকেয়া) সাতক্ষীরা অফিসে সরকারী পাওনাদি/অডিট আপত্তি আছে কিনা ঋণ কার্যক্রমের অনাদায়ী/খেলাপী ঋণের সাথে তার কোন সংশ্লিল্টতা আছে কিনা, বা অন্য কোন বিষয়ে অতিরিক্ত তথ্য থাকলে তথ্যসহ না-দাবিপত্র/প্রতিবেদন দেওয়ার জন্য গত ৩ মে নির্দেশ দেন উপসচিব রেজাউল করিম। ঋণ গ্রহণ বা অন্য কিছুর সাথে তার কোন সংশ্লিষ্টতা না থাকার পরও প্রতিহিংসাজনিত কারণে উদ্দেশ্যমূলক প্রতিবেদন পাঠিয়ে তাকে হয়রানি করা হচ্ছে। এমনকি প্রধান কার্যালয়ের নির্দেশ থাকার পরও তার সার্ভিস বুক আপডেট করে দেওয়ার নির্দেশনা দিলেও আনিসুর রহমান তা মানেননি। ফলে তিনি অবসর জীবনে মানবেতর জীবনযাপন করছেন।
জানতে চাইলে জাতীয় মহিলা সংস্থার সাতক্ষীরা শাখার কর্মকর্তা মোঃ আনিসুর রহমান মল্লিক প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ি রোকেয়া বেগমের প্রতিবেদন কবে ও কি পাঠানো হয়েছে তা জানাতে অপারগতা প্রকাশ করে বলেন, উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা নেই। কাগজপত্র চেয়ারম্যান জেলা প্রশাসকের কার্যালয়ে। প্রধান কার্যালয় থেকে তার সার্ভিস বুক আপডেট করে দেওয়ার কথা বলা হলেও তিনি তা করতে বাধ্য নন বলে ফেরৎ দিয়েছেন। তিনি তার স্ত্রী শামসুন নাহার এর বিরুদ্ধে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা তদন্ত করছেন বলে নিশ্চিত করেছেন।
শ্যামনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক বলেন, শামসুন নাহারের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত করে পাঠানো হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে।
প্রসঙ্গত, জাতীয় মহিলা সংস্থার সাতক্ষীরা ও ঢাকা প্রধান কার্যালয় সূত্রে জানা গেছে বরগুনা জেলার বেতাগী উপজেলার কালিকাবড়ি গ্রামের মৃত আব্দুল হামিদ মল্লিক ও মোছা আয়েশা বিবি দম্পত্তির ছেলে আনিসুর রহমান মল্লিক। ২৫ বছর আগে নিম্নমান সহকারি কাম মুদ্রাক্ষরিক হিসেবে জাতীয় মহিলা সংস্থার শ্যামনগর অফিসে যোগদান করেন তিনি। সেখানে প্রশিক্ষক শামছুন্নাহারের সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ায় প্রতিষ্ঠানটির জেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত সংরক্ষিত নারী সাংসদ রিফাত আমিন এক শালিসের মাধ্যমে তাদের বিয়ে দেন। এরপর তিনি শ্যামনগরের বাধঘাটার ভোটার হন। সেখান থেকেই শ্যামনগর উপজেলা জাতীয় মহিলা সংস্থার অফিসটি স্বামী- স্ত্রীর অফিস হিসেবে পরিচিতি লাভ করে। শামছুন্নাহার প্রতি মাসে দুই হাজার টাকা বেতন পেলেও প্রতি কোর্সে পাঁচজন শিক্ষার্থী(দর্জি ও এমব্রডায়েরী) কম ভর্তি করিয়ে তাদের কাল্পনিক হাজিরা দেখিয়ে ওই টাকা দিয়ে স্ত্রীকে দিয়ে বেশী বেতন করানোর কথা বলে খুশী করাতেন।
সূত্রটি আরো জানায়, পদোন্নতি পেয়ে জেলা কর্মকর্তা হয়ে ২০২২ সালে মাগুরায় যোগদান করেন আনিসুর রহমান মল্লিক। সেখানে তিনি কর্মকর্তা ও কর্মচারিদের সাথে অসদাচারণ করায় ক্ষমতাসীন দলের নেতা ও প্রধান কার্যালয়ের এক কর্মকর্তাকে ম্যানেজ করে তাদেরকে এক মাসের মধ্যে বদলী করান। দুই বছর পর তিনি সাতক্ষীরা জেলা কার্যালয়ে বদলী হয়ে আসেন। তার আচার ও আচরণ সম্পর্কে আগে থেকেই অবহিত হওয়ায় বদলী হওয়ার আগেই সাতক্ষীরা অফিসের দায়িত্বপ্রাপ্ত তৎকালিন চেয়ারম্যান জ্যোস্না আরা তাকে সাতক্ষীরায় না পাঠানোর জন্য প্রধান কার্যালয়ে চিঠি লেখেন।
২০২৪ সালের ১২ জুন যোগদানের পর থেকে কর্মচারি ও প্রশিক্ষণার্থীদের সাথে বিভিন্ন রকম অঙ্গভঙ্গি দেখিয়ে অশ্লীল ভাষা ব্যবহার ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের কারণে অফিসের কর্ম পরিবেশ নষ্ট, অফিসের সুনাম নষ্ট ও অফিসে প্রতিনিয়ত বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় রোকেয়া বেগমসহ চারজন কর্মকর্তা ও কর্মচারি ছাড়াও ৩০ জন শিক্ষার্থী ২০২৪ সালের পহেলা আগষ্ট প্রধান কার্যালয়ে লিখিত অভিযোগ করায় ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর তাকে প্রধান কার্যালয়ের উপসচিব(প্রশাসন ও অর্থ) উপপরিচালক মোহাম্মদ ফারুখ আহমদ কারণ দর্শাণোর নোটিশ দেন। এতে আরো ক্ষুব্ধ হন আনিসুর রহমান মল্লিক। ২৩ অক্টোবর তিনি কারণ দর্শাণোর নোটিশের জবাব দিলেও তা যথাযথ ছিল না।
পরবর্তীতে জাতীয় মহিলা সংস্থার একজন উপপরিচালক (জ্যেষ্ঠ সচিব) সরেজমিনে তদেন্ত এসে অভিযোগের সত্যতা পান। ফলে সরকারি কর্মচারি (শৃঙ্খলা ও আপিল)বিধিমালা, ২০১৮ এর ৩(খ) অসদাচরণ এর আওতাভুক্ত এবং শাস্তিযোগ্য অপরাধ এর প্রেক্ষিতে তার বিরুদ্ধে ০২/২০২৫ নং বিভাগীয় মামলা হয়। ব্যক্তিগত শুনানীর জন্য আবেদন করেও গত বছরের ১১ আগষ্ট তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেননি। পরে তাকে দোষী সাব্যস্ত করা হয়। তবে নথি ও সার্ভিস বহি পর্যালোচনা শেষে গত বছরের ৫ নভেম্বর তার বিরুদ্ধে প্রথম অভিযোগ প্রমাণিত হওয়ায় গুরুদণ্ডের পরিবর্তে লঘুদণ্ড হিসেবে “তিরষ্কার” করার আদেশ দেন নির্বাহী পরিচালক শাহানা সারমিন। এরপর থেকে আনিসুর রহমান মল্লিক আবারো সাতক্ষীরায় বহাল তবিয়তে অবস্থান করছেন। যদিও রোকেয়া বেগমকে বদলীর পর থেকে বর্তমান সময় পর্যন্ত সাতক্ষীরা অফিসে দর্জি প্রশিক্ষণ বন্ধ রয়েছে।
অপরদিকে সাতক্ষীরা অফিসের মাঠ সমন্বয়কারি মোকছেদ আলী জাতীয় মহিলা সংস্থার শ্যামনগর অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করায় সবদিন অফিস না করতে পারায় আনিসুর রহমানের স্ত্রী প্রশিক্ষক শামসুন্নাহার তার স্বামীর ক্ষমতার দাপট দেখিয়ে টাকার বিনিময়ে ভর্তির ফর্ম বিক্রি, এজনের নাম বসিয়ে অন্য লোককে প্রশিক্ষণ ছুটিতে থাকা শিক্ষার্থীদের হাজিরা দেখিয়ে অর্থ আত্মসাৎ, নিজের মেয়ে, ভাই এর স্ত্রীর নাম দিয়ে কোন ক্লাস না করেই টাকা তোলা, এক ব্যক্তি একাধিক প্রশিক্ষণ করিয়ে টাকা আত্মসাৎ, শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা না করে টাকা আত্মসাৎ সহ অফিস ফাঁকির অভিযোগে শিক্ষার্থীরা প্রধান কার্যালয়ে অভিযোগ করে। দুই মাস আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অভিযোগের সত্যতা পেলেও আজো তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গৃহীত হয়নি। ফলে শ্যামনগর অফিসটি বন্ধের উপক্রম হয়েছে। অধিকাংশ সময় অফিস তালাবন্ধ থাকে।
(আরকে/এএস/নভেম্বর ১৪, ২০২৬)
