ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

প্রচ্ছদ » মুক্তচিন্তা » বিস্তারিত

বাংলাদেশ ব‍্যাংক সবল হবে কবে?

২০২৬ নভেম্বর ১৪ ১৭:৩৮:৫৮
বাংলাদেশ ব‍্যাংক সবল হবে কবে?

চৌধুরী আবদুল হান্নান


আওয়ামী আমলের দীর্ঘ সময়ে স্বাধীন স্বায়ত্তশাসিত এ সংস্থাটি দুর্বল হতে হতে এমন পর্যায়ে চলে গিয়েছিল যে, ব‍্যাংক ও আর্থিক খাতের ওপর তাদের কোনো নিয়ন্ত্রণ ছিল না। অথচ এটাই কেন্দ্রীয় ব‍্যাংকের প্রধান কাজ। অন্তর্বর্তী সরকারের সময়েও কোনো উন্নত হয়নি। গভর্নরের সহকর্মীরা কতটা সৎ আর দক্ষ তার ওপর নির্ভর করে সার্বিক সাফল‍্য কিন্ত তাদের বিগত দিনের কর্মকান্ড যথেষ্ট হতাশাজনক।

সম্প্রতি একাধিক পত্রিকায় “মানি লন্ডারিং প্রতিরোধ কর্মকর্তার ব‍্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন” শিরোনামে একটি খবর প্রকাশিত হয়েছে। খবরে আরও এসেছে, মানি লন্ডারিং প্রতিরোধ বিভাগের যুগ্ম পরিচালক মোশারর হোসেন ও তার স্ত্রীর ব‍্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন‍্যান্সিয়াল ইউনিট (বিএফআইইউ)।

বাংলাদেশ ব‍্যাংকের মানি লন্ডারিং প্রতিরোধ বিভাগের অন‍্যতম কাজ ব‍্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সন্দেহজনক লেনদেন তদারক করে ব‍্যবস্হা নেওয়া। কিন্ত প্রশ্ন হলো- এমন একটি গুরুত্বপূর্ণ বিভাগে একজন বিতর্কিত, তদবিরবাজ ও সন্দেহভাজন কর্মকর্তার পোষ্টিং হয় কাভাবে?

বাংলাদেশ ব‍্যাংকের অনেক কর্মকর্তার ক্ষমতার অপব‍্যবহার আর আর্থিক দুর্নীতির কথা মানুষ ভুলে যায়নি।

পরিদর্শন বিভাগের কিছু কিছু কর্মকর্তা ছিলেন যারা নিয়মিত ব‍্যাংক পরিদর্শনে যেতেন, বিশেষ করে গভর্নর আবদুর রউফ তালুকদার (মে, ২০০৯- মার্চ, ২০১৬) এর সময়কালে, তারা ঘুষ গ্রহণ করতেন এই শর্তে যে, কোনো অনিয়ম বের হলেও তা রিপোর্ট করবেন না। পরবর্তি গভর্নর ফজলে কবির (মার্চ, ২০১৬ — জুলাই, ২০২২) এর সময় এমন দুর্নীতির ব‍্যাপকতা আরও বৃদ্ধি পেয়েছিল।

সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী ও সাবেক নির্বাহী পরিচালক শাহ আলম, তাদের আর্থিক দুর্নীতি বাংলাদেশ ব‍্যাংকের এক বড় কলঙ্কের অধ‍্যয়।

ওই সময়ে কেন্দ্রীয় ব‍্যাংকের নিস্ক্রিয়তায় ব‍্যাংক ব‍্যবস্হার মাধ‍্যমে বাধাহীনভাবে টাকা পাচার হয়েছে এবং কার্যত সব ব‍্যাংক শূণ‍্য হয়ে গেছে।

বাংলাদেশ ব‍্যাংকের গভর্নর যখন ব‍্যাংকিং বিষয়ে সরকারের চাপিয়ে দেওয়া অযৌক্তিক সিদ্ধান্তের সাথে দ্বিমত করার সৎ সাহস দেখাতে পারেন না বরং একই সাথে সুর মিলান, তখন সর্বনাশ না হয়েই পারে না। অনেক সময় কঠিন আইন প্রনয়নের কথা বলা হয়, কিন্ত প্রশ্ন হলো ব‍্যাংকের অভ‍্যন্তরে লুকিয়ে থাকা ওই সকল অপরাধীদের নির্মুল করা কি এতই কঠিন?

অনেক আইন আছে কেবল কিতাবে, প্রয়োগ নেই, সে আইন অর্থহীন। একটি প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে আইন সব কিছু নয়, প্রতিষ্ঠান প্রধানের সাহস ও বিচক্ষণাতাই আসল।

কেন্দ্রীয় ব‍্যাংকের কার্যাবলি সফলতার সাথে পরিচালনা করতে হলে, গভর্নরকে নিজের ঘর পরিস্কার করতে হবে আগে। আনাচে কানাচে ঘাপটি মেরে থাকা দুর্নীতি পরায়ন কর্মকর্তাদের বিদায় করতে হবে। ভিতরে এমন ঘুণ পোকার বসবাস আর বাইরের অনাকাঙ্খিত চাপ সংস্হাটির মেরুদন্ড ভেঙে দিয়েছে, যে নিজের পায়ে শক্তভাবে দাঁড়াতেই পারে না, সে কীভাবে অন‍্যকে পথ দেখাবে?

অভ‍্যন্তরীণ সুস্থতা জরুরি এবং নিয়ন্ত্রণকারী সংস্থাটির বিদ‍্যমান ভাবমূর্তি সংকট দূর করতে হবে আগে।বাংলাদেশ ব‍্যাংক পরিচালনার ক্ষেত্রে রাজনৈতিক চাপ মোকাবিলা করে সাহসিকতার সাথে দক্ষ কর্মিবাহিনী নিয়ে অগ্রসর হলে নিশ্চয়ই সফলতা আসবে।

লেখক : অবসরপ্রাপ্ত ডিজিএম, সোনালী ব‍্যাংক।