ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

বাগেরহাটের দুই বিল

পাখির ডাক নকল করে রাতের আধাঁরে চলছে অতিথি পাখি শিকার

২০২৬ নভেম্বর ১৪ ১৯:০৭:০২
পাখির ডাক নকল করে রাতের আধাঁরে চলছে অতিথি পাখি শিকার

বাগেরহাট প্রতিনিধি : শীত শুরুতেই হাজার হাজার কিলোমিটার পথ উড়ে এসে তীব্র শীত বাঁচতে বিভিন্ন প্রজাতির ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি আশ্রয় নিচ্ছে বাগেরহাটের কোদালিয়া ও কেন্দুয়া বিলসহ চিলতমারী ও মোল্লাহাট উপজেলার জলাভূমিতে। প্রতি বছরের ন্যায় এবারও অতিথি পাখি শিকারে মেতে উঠেছে শিকারীরা। শিকারীরা রাতের আঁধারে সাউন্ড বক্সের মাধ্যমে ও কচুড়িপানার পাতা দিয়ে তৈরি বিশেষ বাঁশি বাজিয়ে পাখি ডাক অবিকল নকল করে ফাঁদ ও জাল পেতে ধরছে শতশত অতিথি পাখি। শিকার করা এসব অতিথি পাখি প্রকাশ্যে চড়া দামে বিক্রির পর তা এখন একশ্রেনীর ভোজন প্রেমীদের খাবারের প্রধান মেনু হয়ে উঠেছে।

চিতলমারী ও মোল্লাহাটের কোদালিয়া, কেন্দুয়া বিলের লোকালয় ঘুরে দেখাগেছে, অবাদে চলছে অতিথি পাখি শিকার। শিকারীরা প্রতিরাতে পাখির নকল ডাক শুনিয়ে বিভিন্ন ধরনের ফাঁদ ও জাল পেতে অতিথি পাখি শিকারে মেতে উঠেছে। চৌদ্দহাজারী সাবোখালী দানোখালী, কলিগাতী, রুইয়েরকূল, গোদাড়া, কাপুড়িয়া, সুরিগাতি, গাউলা, নলধা, চান্দেরহাট এলাকাসহ কোদালিয়া ও কেন্দুয়া বিলে প্রতি রাতেই বিভিন্ন ফাঁদ ও জালের মাধ্যমে অতিথি পাখি শিকার হচ্ছে। এক একজন শিকারীর পাতা ফাঁদ ও জালে ধরা পড়ছে হাঁস পাখি, কালদিগুড়ি, বুরি, কালকুচসহ অসংখ্য প্রজাতির অতিথি পাখি। সকাল হতে না হতেই শিকারীদের কাছ থেকে চড়া দামে এসব অতিথি পাখি কিনে নিচ্ছেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা একশ্রেনীর মানুষ। হাত বদল হয়ে তা চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে।

কোদালিয় ও কেন্দুয়া বিল এলাকার আতিয়ার রহমান, নূরুল ইসরাম, নির্মল মন্ডলসহ অনেকে জানান, শিকারীরা পাখির ডাক অবিকল নকল করে রাতের আঁধারে সাউন্ড বক্সের মাধ্যমে ও কচুড়িপানার তৈরি বিশেষ বাঁশি বাজিয়ে অতিথি পাখিদের ডাকতে থাকে। রাতে বিলের ছোট ছোট শামুক, শাপলা ফল, মাছ, পোকামাকড় খাবার সময়ে পাখির নকল ডাক শুনে অতিথি সেখানে যায়। তখন শিকারীদের পেতে রাখা জাল ও ফাঁদে আটকা পরে অতিথি পাখি। এখন শিকারীদের পেতে রাখা জাল ও ফাঁদে সব থেকে বেশি ধরা পড়ছে হাঁস পাখি, কালদিগুড়ি, বুরি, কালকুচসহ অসংখ্য প্রজাতির পাখি। প্রতিদিন অবাধে এসব অতিথি পাখি নিধন হলেও দেখার কেউ নেই। প্রশাসনও বিষয়টি দেখেও না দেখার ভান করে। মাঝে মধ্যে লোক দেখানো অভিযানও চালানো হয়। বন বিভাগ ও প্রশাসন যদি অতিথি পাখির সংরক্ষনে কঠোর না হয় তবে আগামীতে এসব বিলে আর দেখা মিলবেনা বিভিন্ন প্রজাতির ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি।

এ ব্যাপারে চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অতিথি পাখি শিকারীদের কোন ছাড় দেয়া হচ্ছেনা। গত মঙ্গলবার বিকালেও আমি বিল সংলগ্ন বিভিন্ন লোকালয়ে অভিযান চালিয়ে অতিথি পাখি শিকারে ব্যবহৃত কয়েক শত ফাঁদ ও ৮ কেজি লাইলনের জাল উদ্ধার করে জ্বালিয়ে দেয়া হয়েছে। বিল সংলগ্ন গ্রামগুলোর লোকজনকে অতিথি পাখি শিকারীদের সম্পর্কে তথ্য দিতেও অনুরোধ করা হয়েছে।

(এস/এসপি/নভেম্বর ১৪, ২০২৬)