প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
কাপ্তাইয়ে তিনটি বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
২০২৬ নভেম্বর ১৫ ০১:১৩:২৪
রিপন মারমা, কাপ্তাই : রাঙামাটির কাপ্তাই উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ-উদ্দীপনা এবং নানা পুণ্যানুষ্ঠানের মধ্য দিয়ে তিনটি ভিন্ন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন হয়েছে। বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে প্রতিটি বিহার প্রাঙ্গণেই পুণ্যার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। ওয়াগ্গা ইউনিয়নের তম্বপাড়া ধর্মরত্ন বৌদ্ধ বিহার প্রাঙ্গণে দুই দিনব্যাপী ১৫তম দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব, ১২তম ২৪ ঘণ্টাব্যাপী অভিধর্ম-মহাপাট্ঠান পাঠ এবং প্রব্রজ্যা-উপসম্পদা গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বিহারের দায়ক-দায়িকাবৃন্দের আয়োজনে ১৩ ও ১৪ নভেম্বর এই পুণ্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাঙ্গুনিয়ার ধর্মগোদা মঙ্গলসুখ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত জ্ঞানবংশ মহাথেরর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আশীর্বাদক ছিলেন, চিৎমরম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উ. পামোক্ষা মহাথের। প্রধান ধর্মদেশক হিসেবে সদ্ধর্ম দেশনা দেন ব্যাঙছড়ি জয়মঙ্গল বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সনাসিরী মহাথের এবং প্রধান দায়ক হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটির পার্বত্য জেলা পরিষদের সদস্য উথোয়াই মং মারমা।
কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকাবৃন্দের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ৩৯তম দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব ও মহা সংঘদান অনুষ্ঠিত হয়েছে। দুই পর্বে বিভক্ত এই উৎসবের প্রথম পর্বে মহা সংঘদান এবং দ্বিতীয় পর্বে প্রধান ধর্মদেশনা ও মূল পুণ্যানুষ্ঠান সম্পন্ন হয়। ভদন্ত ড. জ্ঞানরত্ন মহাথের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন ভদন্ত বিপুলজ্যোতি থের। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটির পার্বত্য জেলা পরিষদ সদস্য উথোয়াই মং মারমা এবং বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদ সদস্য তিমথী খিয়াং। সমর বড়ুয়ার স্বাগত বক্তব্যে শুরু হওয়া অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন কাজল বড়ুয়া ও রাজু কান্তি বড়ুয়া।
রাইখালী দুর্গম এলাকায় পুনর্বাসন ত্রিরত্ন বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকাবৃন্দের উদ্যোগে প্রথমবারের মতো মহান শুভ কঠিন চীবর দানোৎসব ও পবিত্র ধর্মসভা উদযাপিত হয়েছে। অনুষ্ঠানের প্রথম পর্বে বুদ্ধপূজা, সংঘদান, ধবজা দান, অষ্টপরিষ্কার দান ও বুদ্ধমূর্তির জীবন্যাস সম্পন্ন হয় এবং দ্বিতীয় পর্বে কঠিন চীবর দান ও ধর্মসভা অনুষ্ঠিত হয়। ভদন্ত উ. সোমনা মহাথের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ধর্মসভায় প্রধান অতিথি ছিলেন ভদন্ত উ. ক্ষেমাচারা মহাথের এবং প্রধান ধর্মালোচক হিসেবে ধর্মদেশনা প্রদান করেন বিমল জ্যোতি ভিক্ষু। এতেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য উথোয়াই মং মারমা।
(আরএম/এএস/নভেম্বর ১৫, ২০২৬)
