প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
স্কুলে আর যাওয়া হলো না সৌম্যদীপের, ট্রাকের ধাক্কায় ঝরল তাজা প্রাণ
২০২৬ নভেম্বর ১৫ ০১:১৬:০২
দিলীপ চন্দ, বিশেষ প্রতিনিধি : প্রতিদিনের মতো বই-খাতা কাঁধে নিয়ে বাবার মোটরসাইকেলে চড়ে স্কুলে যাচ্ছিল কিশোর সৌম্যদীপ সিকদার। কিন্তু ঘাতক ট্রাকের ধাক্কায় সেই যাত্রাই যে তার জীবনের শেষ যাত্রা হবে, তা কে জানত! মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে চলে গেল ফরিদপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের এই শিক্ষার্থী।
শনিবার (১৪ নভেম্বর) সকালে ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকায় নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে ফরিদপুরের কানাইপুর এলাকার নিজ বাড়ি থেকে বাবার মোটরসাইকেলে করে স্কুলে যাচ্ছিল সৌম্যদীপ। পথে রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাবা ও ছেলে দুজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সৌম্যদীপের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে। অন্যদিকে, দুর্ঘটনায় আহত তার বাবা সুমন সিকদার ফরিদপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি বর্তমানে শঙ্কামুক্ত।
নিহত সৌম্যদীপ কানাইপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সুমন সিকদারের (পিতা: স্বপন সিকদার) দুই ছেলের মধ্যে বড় ছিল। তাদের বাড়ি ফরিদপুরের কানাইপুর সিকদার বাড়ি এলাকায়।
এদিকে, প্রিয় সন্তানের এমন অকাল মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। সৌম্যদীপের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কানাইপুর বাজারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। মেধাবী ও প্রাণচঞ্চল এই শিক্ষার্থীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তার বিদ্যালয়ের শিক্ষক, সহপাঠী ও স্থানীয় বাসিন্দারা।
(ডিসি/এএস/নভেম্বর ১৫, ২০২৬)
