প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
বহিষ্কারের বিজ্ঞপ্তির পর আ'লীগের সভাপতি দেলোয়ারের পদত্যাগ
২০২৬ নভেম্বর ১৫ ১৭:৩৭:৫৭
সালথা প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন দল থেকে পদত্যাগ করেছেন। একই সঙ্গে তিনি দলের সব সাংগঠনিক পদ ও প্রাথমিক সদস্যপদ থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
আজ রবিবার সকালের দিকে ফরিদপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।
লিখিত বক্তব্যে দেলোয়ার হোসেন বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে দলের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, শারীরিক অসুস্থতা ও ব্যক্তিগত নানা কারণে দলের সঙ্গে আর সম্পৃক্ত থাকা সম্ভব হচ্ছে না। এ কারণে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরও জানান, আজ থেকেই সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতির পদসহ বাংলাদেশ আওয়ামী লীগের সব সাংগঠনিক পদ এবং প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করছেন।
সংবাদ সম্মেলনে তিনি স্থানীয় গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। এ সময় তাঁর অনুসারী স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে শনিবার (১৪ নভেম্বর) রাতে ফরিদপুর জেলা আওয়ামী লীগের প্যাডে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে মো. দেলোয়ার হোসেনকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কারের কথা জানানো হয়। এর পরদিনই সংবাদ সম্মেলন করে তাঁর পদত্যাগের ঘোষণা আসে।
(এএন/এসপি/নভেম্বর ১৫, ২০২৬)
