প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
পাংশা মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে যুবলীগের ২ নেতা গ্রেপ্তার
২০২৬ নভেম্বর ১৬ ১৯:১৩:১২
একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে বিশেষ ক্ষমতা আইনের মামলার এজাহারনামীয় ও তদন্তে প্রাপ্ত ২ জন আসামিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— পাংশার বাবুপাড়া ইউনিয়ন যুবলীগের সদস্য বাশারুজ্জামান সোহাগ (৩৬) এবং পাংশা পৌরসভার ৯নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি শরিফুল ইসলাম (৪৫)।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১৬ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে পাংশা মডেল থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পরবর্তীতে সোমবার সকালে পুলিশ প্রহরায় তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
পাংশা মডেল থানার মামলা নং-০৫ (তারিখ: ০৮ সেপ্টেম্বর, ২০২৫; জিআর নং-১৯৬/২৫, ধারা- ১৫(১)/১৫(৩) দ্য স্পেশাল পাওয়ার অ্যাক্ট, ১৯৭৪)-এর তদন্তে তাদের সংশ্লিষ্টতা পাওয়া যায়।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিরা বর্তমান সরকারবিরোধী বিভিন্ন অপতৎপরতা চালিয়ে আসছিলেন। এ ছাড়া সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার এবং অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন বলে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
(একে/এসপি/নভেম্বর ১৬ ২০২৬)
