ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

ফরিদপুরে শিক্ষার্থী কৌশিক হত্যার বিচারের দাবিতে বাস মালিক-শ্রমিকদের মানববন্ধন

২০২৬ নভেম্বর ১৬ ১৯:১৬:২৫
ফরিদপুরে শিক্ষার্থী কৌশিক হত্যার বিচারের দাবিতে বাস মালিক-শ্রমিকদের মানববন্ধন

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরে কলেজ শিক্ষার্থী কৌশিক সাহা জিতু হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় বাস মালিক ও শ্রমিকবৃন্দ।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে ফরিদপুর বাস টার্মিনাল (নতুন বাসস্ট্যান্ড)-এ জেলা বাস মালিক ও সকল শ্রমিক সংগঠনের ব্যানারে ঘণ্টাব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আয়োজিত এ মানববন্ধন থেকে বক্তারা জানান, কলেজছাত্র কৌশিক সাহা জিতু হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্‌ঘাটন করে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করতে হবে। একটি নৃশংস হত্যাকাণ্ডের পরও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় জনমনে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে বলেও উল্লেখ করা হয়। অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হত্যাকারীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে বক্তব্যে আরও জানান, তদন্ত গাফেলতি ও আসামিদের গ্রেপ্তার না করা হলে প্রয়োজনে এর থেকেও কঠোর আন্দোলন নামবেন তারা।

এ মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বাস মালিক গ্রুপের সদস্য ও জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, শ্রমিক সংগঠন ১০৫৫-এর সভাপতি মোহাম্মদ ইয়াসিন মোল্লা সহ আরও জেলা বাস মালিক ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

উল্লেখ করা যেতে পারে, গত ১৭ অক্টোবর ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের রসায়ন বিভাগের মেধাবী শিক্ষার্থী কৌশিক সাহা জিতু দুর্গাপূজা দেখতে বের হয়ে নিখোঁজ হন। নিখোঁজের দুই দিন পর ২০ অক্টোবর ফরিদপুর পৌরসভার ভাটিলক্ষ্মীপুর এলাকার মদনখালী স্লুইসগেট সংলগ্ন কুমার নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দ্রুত আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিভিন্ন মহলে দাবি জোরালো হচ্ছে।

(আরআর/এসপি/নভেম্বর ১৬ ২০২৬)