প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
প্রায় আড়াই পর বঙ্গবন্ধুর সমাধিতে স্থানীয়দের শ্রদ্ধা
২০২৬ নভেম্বর ১৭ ০০:৩৪:৪৩
রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রায় আড়াই বছরের বিরতির পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সে প্রবেশ করে শ্রদ্ধা নিবেদন করেছেন কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর স্থানীয় নেতাকর্মীরা এবং স্থানীয় বঙ্গবন্ধু প্রেমি জনতা।
সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে সমাধির বেদিতে পুষ্পস্তবক অর্পণের পাশাপাশি তারা আওয়ামী লীগের দলীয় সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য বিশেষ মোনাজাত ও অঙ্গীকার করেন।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দাদের তথ্যমতে, এর আগে সকাল ১০টার দিকে নেতাকর্মীরা প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এরপর দলীয় কার্যালয় চত্বরে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত গাওয়া হয়। সেখানে উপস্থিত নেতাকর্মীদের অংশগ্রহণে একটি সংক্ষিপ্ত মতবিনিময় সভাও সম্পন্ন হয়।
পরবর্তীতে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা মিছিলসহকারে সমাধিসৌধ কমপ্লেক্সে ঢুকে বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি শেখ ইফতি জামান পল্লব উপস্থিত নেতাকর্মীদের শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণের সময় তারা ঘোষণা দেন, শেখ হাসিনাকে দেশের মাটিতে ফিরিয়ে না আনা পর্যন্ত তাদের আন্দোলন-সংগ্রাম অব্যাহত থাকবে এবং তারা রাজপথে সক্রিয় থাকবেন। শপথ শেষে ছাত্রলীগ নেতাকর্মীরা পুনরায় সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
ঘটনাস্থল থেকে টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি শেখ ইফতি জামান পল্লব গণমাধ্যমকে জানান, 'টুঙ্গিপাড়ার সাধারণ মানুষ যেন এখানে এসে বসতে পারেন, সেজন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে পার্টি অফিস খুলে দিয়েছি। বর্তমান অবৈধ ও ফ্যাসিস্ট সরকার প্রশাসনের মাধ্যমে কার্যালয়টি বন্ধ রেখেছিল'। তিনি আরও বলেন, 'আমরা বঙ্গবন্ধুর সমাধিসৌধও সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি। বঙ্গবন্ধু কোনো একক গোষ্ঠীর নন, তিনি সারা বাংলাদেশের সম্পদ—আজ থেকে এই সমাধি সকলের জন্য খোলা থাকবে।'
এর আগে, আজ ভোরে বঙ্গবন্ধু'র সমাধিস্থলের পাশে অবস্থিত মসজিদে ফজরের নামাজের আজানের মধ্যদিয়ে মুসল্লিদের জন্য খুলে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগে সর্বশেষ ২০২৪ সালের ৭ আগস্ট গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে শ্রদ্ধা নিবেদন এবং শেখ হাসিনাকে দেশে ফেরানোর শপথ নিয়েছিলেন। সেই ঘটনার পর থেকে প্রশাসনের পক্ষ থেকে সমাধি কমপ্লেক্সে জনসাধারণের প্রবেশ সীমিত করা হয়েছিল এবং তিনটি মূল ফটকে পুলিশ মোতায়েন করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হয়েছিল।
(আরআর/এএস/নভেম্বর ১৭, ২০২৬)
