প্রচ্ছদ » বিনোদন » বিস্তারিত
‘আমি সত্যিই ভীষণ ভীষণ ভাগ্যবতী’
২০২৬ নভেম্বর ১৭ ১৪:০০:১৩
বিনোদন ডেস্ক : উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। মঙ্গলবার (১৭ নভেম্বর) ৭৪ বছর পূর্ণ করলেন বরেণ্য এই শিল্পী। জন্মদিনের প্রথম প্রহরে ভক্ত-অনুরাগী-শুভাকাঙ্ক্ষীদের জন্য বিশেষ বার্তা দিয়েছেন তিনি।
ভিডিও বার্তায় রুনা লায়লা বলেন, “আসসালামু আলাইকুম। ১৭ নভেম্বর আমার জন্মদিন। আজ আমার বয়স ৭৪ বছর পূর্ণ হলো। আমার ভক্ত-অনুরাগী, শুভাকাঙ্ক্ষী, পরিবার, বন্ধু ও গণমাধ্যমকর্মী—যাদের জন্য আমি আজ রুনা লায়লা। আমার পাশে থাকার জন্য, আমাকে ভালোবাসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।”
সংগীত ক্যারিয়ারে ৬ দশক পার করেছেন রুনা লায়লা। আরো দীর্ঘ সময় শ্রোতাদের গান শোনানোর ইচ্ছা প্রকাশ করে তিনি বলেন, “আশা করছি, আরো দীর্ঘ সময় আপনাদের গান উপহার দিতে পারব। আল্লাহ আপনাদের নিরাপদে, সুখ ও শান্তিতে রাখুক। নিজেকে ভালোবাসুন, অন্যদেরকেও ভালোবাসুন। পরস্পরের যত্ন নিন। সবার জন্য ভালোবাসা।”
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিও ক্যাপশনেও বার্তা দিয়েছেন রুনা লায়লা। এই শিল্পী বলেন, “প্রতি বছর এই দিনে, ঠিক রাত ১২টা বাজলেই মনে পড়ে যায়, জীবনের আরো একটি বছর পেরিয়ে গেল, বয়স আরো এক বছর বাড়ল। কিন্তু সেই সঙ্গে কি একটু বেশি জ্ঞানীও হলাম? কে জানে! তবে একটা বিষয় নিশ্চিতভাবে জানি, আর তা হলো—আপনারা সবাই আমাকে কতটা ভালোবাসেন! এত ফোন, এত মেসেজ, এত দোয়া আর শুভকামনা!”
নিজেকে ভাগ্যবতী মনে করেন রুনা লায়লা। তার ভাষায়—“আমি সত্যিই ভীষণ, ভীষণ ভাগ্যবতী যে সৃষ্টিকর্তা আমাকে এত সুন্দর, অসাধারণ একটা জীবন উপহার দিয়েছেন। এই আশীর্বাদকে কখনোই স্বাভাবিক বা অবধারিত বলে মনে করি না। প্রতিটি মুহূর্তের জন্য কৃতজ্ঞ। আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসি। আশা করি, আগামীতে আরো অনেক জন্মদিন আপনাদের সবার ভালোবাসা আর সান্নিধ্যে উদযাপন করতে পারব। সবাইকে অনেক ভালোবাসা।”
প্রিয় শিল্পীর ভিডিও বার্তার কমেন্ট বক্সে জমা পড়েছে প্রায় ৫ হাজার মন্তব্য। অনুরাগীদের পাশাপাশি শোবিজ অঙ্গনের অনেক তারকাই তাকে শুভেচ্ছা জানিয়েছেন।
১৯৫২ সালের ১৭ নভেম্বর সিলেট জেলায় জন্মগ্রহণ করেন রুনা লায়লা। বাবার নাম সৈয়দ মোহাম্মদ ইমদাদ আলী ও মা আমিনা লায়লা। বাবার চাকরির সূত্রে রুনা লায়লার শৈশব এবং কৈশোরের কিছু সময় তৎকালীন পশ্চিম পাকিস্তানে কেটেছে। মাত্র ৬ বছর বয়সে রুনা লায়লা প্রথম মঞ্চে গান পরিবেশন করেন। তার প্রথম গান প্রকাশিত হয় ১৯৬৪ সালে। অল্প বয়স থেকে স্টেজে সংগীত পরিবেশনের পাশাপাশি করাচি রেডিওতে গান গেয়ে পরিচিতি লাভ করেন তিনি।
১৯৬৭ সালে পাকিস্তানি চলচ্চিত্রে ‘দাইয়ারে দাইয়ারে দাইয়া’ গানটি গেয়ে ব্যাপক প্রশংসা পান রুনা লায়লা। ১৯৭১ সালে স্বাধীনতার পর নিজের সিদ্ধান্তে পাকিস্তান থেকে বাংলাদেশে চলে আসেন রুনা লায়লা। ১৯৭৪ সালের শুরুতে প্রয়াত সত্য সাহার সুরে ‘জীবন সাথী’ চলচ্চিত্রে গান গাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের চলচ্চিত্রে প্রথম প্লে-ব্যাক করেন তিনি। এরপর অসংখ্য চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন এই সংগীতশিল্পী।
বাংলাদেশে চলচ্চিত্র, পপ ও আধুনিক সংগীতের জন্য বিখ্যাত রুনা লায়লা। বাংলাদেশের বাইরে গজল গায়িকা হিসেবেও তার সুনাম আছে। ১৯৭৪ সালে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনশিপসের (আইসিসিআর) আমন্ত্রণে ভারত সফর করেন রুনা। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করেন। কল্যাণজি-আনন্দজির সুরে হিন্দি ছবি ‘এক সে বারকার এক’-এর টাইটেল সঙের প্লেব্যাক ছিল তার প্রথম হিন্দি গান। এ ছাড়া ‘দমাদম মাস্ত কালান্দার’-এর কথা সবারই জানা- যার জন্য ভারতে তার নাম হয়েছিল ‘দামদাম গার্ল’। তার গাওয়া অন্যান্য হিন্দি গানের মধ্যে আছে ‘দে দে পেয়ার দে’, ‘আও সুনলো’, ‘মেরা বাবু ছৈল ছাবিলা’ ইত্যাদি।
সুরকার নিসার বাজমির ১০টি করে তিন দিনে মোট ৩০টি গান রেকর্ডের পর রুনা লায়লা নাম লেখান গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। বাংলা-হিন্দি-উর্দু ছাড়াও গুজরাটি, পাঞ্জাবি, সিন্ধি, পশতু, বেলুচ, আরবি, পারসিয়ান, মালয়, নেপালি, জাপানি, ইতালিয়, স্প্যানিশ, ফরাসি ও ইংরেজিসহ মোট ১৮টি ভাষায় ১০ হাজারের বেশি গানে কণ্ঠ দেওয়া, নিজের সংগীতজীবন নিয়ে নির্মিত ‘শিল্পী’ চলচ্চিত্রে অভিনয় করা—সব মিলিয়ে রুনা লায়লা হয়ে ওঠেন উপমহাদেশের অন্যতম সংগীত কিংবদন্তি।
বাংলাদেশে ৭ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, স্বাধীনতা পুরস্কার, ভারতের সায়গল পুরস্কার, পাকিস্তানে দুইবার নিগার পুরস্কার, দুইবার গ্র্যাজুয়েট পুরস্কার, সমালোচক পুরস্কার ও জাতীয় সংগীত পরিষদ স্বর্ণপদকসহ দেশ-বিদেশের নানা পুরস্কার অর্জন করেছেন রুনা লায়লা।
(ওএস/এএস/নভেম্বর ১৭, ২০২৬)
