প্রচ্ছদ » দেশের বাইরে » বিস্তারিত
বাহরাইনে মার্কিন রাডার সিস্টেমে হামলার দাবি ইরানের
২০২৬ নভেম্বর ১৭ ১৫:০৮:৩০
আন্তর্জাতিক ডেস্ক : বাহরাইনের রাজধানী মানামায় আকস্মিক বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে চারপাশ। দেশটির শেখ ঈসা বিমানঘাঁটিতে অবস্থিত একটি মার্কিন রাডার সিস্টেমে ড্রোন হামলার দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। গত পাঁচ দিনে বাহরাইনে এটি ইরানের তৃতীয় কোনো হামলার দাবি।
ইরাানি সংবাদমাধ্যম ও আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বাহরাইনের আকাশসীমায় সম্ভাব্য হুমকির সতর্কতা জারি করার পরপরই মানামায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে এই বিস্ফোরণগুলো ড্রোন আঘাত হানার কারণে নাকি বাহরাইনের প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে মাঝআকাশেই সেগুলো ধ্বংস করার ফলে হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।
এদিকে ইরানের আইআরজিসির পক্ষ থেকে সেপাহ নিউজে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, “মার্কিন সামরিক ড্রোনের মাধ্যমে ইরানের আকাশসীমা বারবার লঙ্ঘনের জবাব দিতেই এই নিখুঁত ড্রোন অভিযান চালানো হয়েছে।”
বিবৃতিতে সতর্ক করে বলা হয়, মার্কিন বাহিনী আঞ্চলিক ঘাঁটি ও সামরিক সুবিধা ব্যবহার করে তেহরানের বিরুদ্ধে শত্রুভাবাপন্ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, যার পরিণতির সম্পূর্ণ দায়িত্ব আগ্রাসী মার্কিন সেনাকমান্ডারদেরই নিতে হবে।
এর আগে গত শুক্রবার ও রবিবারও বাহরাইনে মার্কিন রাডার ও সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলার দাবি করেছিল আইআরজিসি। অন্যদিকে মার্কিন বাহিনীর দাবি, তারা কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ছাড়াই ইরানি ড্রোনগুলো প্রতিহত করেছে।
এদিকে পরিস্থিতির আরো অবনতির আশঙ্কায় বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশের জনসাধারণকে শান্ত থাকার, দ্রুত নিকটবর্তী নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার এবং কেবল সরকারি খবরের ওপর ভরসা রাখার আহ্বান জানিয়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে মানামায় অবস্থিত মার্কিন দূতাবাস মার্কিন নাগরিকদের জন্য বাড়তি সতর্কতা জারি করেছে। সম্ভাব্য ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ হওয়া এবং মার্কিন কর্মী ও স্থাপনার ওপর নিরাপত্তাঝুঁকি নিয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে।
বাহরাইন কৌশলগতভাবে মার্কিন নৌবাহিনীর পঞ্চম বহরের ঘাঁটি হিসেবে পরিচিত, যা মধ্যপ্রাচ্যে বর্তমান উত্তেজনাকে আরো বাড়িয়ে তুলেছে।
তথ্যসূত্র : তুর্কি টুডে
(ওএস/এএস/নভেম্বর ১৭, ২০২৬)
