ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
প্রচ্ছদ » আইন আদালত » বিস্তারিত
সাঈদ খোকন ৭ দিনের রিমাণ্ডে
২০২৬ নভেম্বর ১৮ ০০:৫১:০৭
স্টাফ রিপোর্টার : জুলাই আন্দোলনের সময় ঢাকার ধানমন্ডি এলাকায় কিশোর আবদুল মোতালেব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা সাঈদ খোকনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১৭ নভেম্বর) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এ আদেশ দেন।
এর আগে বিকেলে সাঈদ খোকনকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পরিদর্শক সুজন হক তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মঙ্গলবার সকালে রাজধানীর বারিধারা এলাকা থেকে সাঈদ খোকনকে গ্রেফতার করে এসআরবি। পরে তাকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
(ওএস/এএস/নভেম্বর ১৮, ২০২৬)
