ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

প্রচ্ছদ » অর্থ ও বাণিজ্য » বিস্তারিত

‘নতুন মজুরি ১ ডিসেম্বর থেকেই কার্যকর’

২০২৬ নভেম্বর ১৮ ০০:৫৪:০৯
‘নতুন মজুরি ১ ডিসেম্বর থেকেই কার্যকর’

স্টাফ রিপোর্টার : পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ডের সর্বশেষ বৈঠক স্থগিতে কোনো চাপ ছিল না বলে দাবি করেছেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

মঙ্গলবার (১৭ নভেম্বর) পোশাকশিল্পের অস্থিরতা নিয়ে নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

বোর্ডের চেয়ারম্যান বলেন, পোশাকশিল্পের জন্য গঠিত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করার বিষয়ে কোনো চাপ ছিল না। একজন প্রতিনিধি অসুস্থ থাকায় বোর্ডের সভা স্থগিত করা হয়েছে।
আগামী ২৩ নভেম্বর সভাটি অনুষ্ঠিত হবে।

এ সময় মজুরি নিয়ে কোনো ভুয়া তথ্য বা বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে বিশৃঙ্খলা না করার জন্য শ্রমিকদের প্রতি আহ্বান জানান তিনি।

মজুরি বোর্ডের চেয়ারম্যান বলেন, ঘোষণা যখনই আসুক, নিম্নতম মজুরি ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

শ্রমিকদের আন্দোলনের মুখে গত ১ নভেম্বর ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করে সরকার।
একই দিন শ্রমিক, মালিক ও সরকারের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত হয় ত্রিপক্ষীয় জরুরি সভা। তবে এসব উদ্যোগের পরও শ্রমিকদের আন্দোলন থামেনি। বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

(ওএস/এএস/নভেম্বর ১৮, ২০২৬)