প্রচ্ছদ » বিনোদন » বিস্তারিত
‘যাচ্ছি, ফিরে আসব অন্যরকম এক জগৎ নিয়ে’
২০২৬ নভেম্বর ১৮ ১৪:০৪:০২
বিনোদন ডেস্ক : মহাকাশের পথে যাত্রা করতে যাচ্ছেন অভিনেতা শরিফুল রাজ! তবে বাস্তবে নয়, সিনেমার পর্দায়। কল্পবিজ্ঞানভিত্তিক চলচ্চিত্র ‘লিম্বো’তে মহাকাশ অভিযাত্রীর চরিত্রে দেখা যাবে তাকে। অভিনেতার জন্মদিনে প্রকাশ করা হয়েছে সিনেমাটির প্রথম পোস্টার।
নতুন এই সিনেমা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রাজ নিজেও।
নির্মাতা তানিম রহমান অংশুর পরিচালনায় নির্মিত হচ্ছে ‘লিম্বো’। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন ভারতের ‘লাপাত্তা লেডিস’ খ্যাত চিত্রনাট্যকার বিপ্লব গোস্বামী। ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।
জন্মদিনে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির পোস্টার প্রকাশ করে রাজ লিখেছেন, ‘মহাকাশের পথে এক অনিঃশেষ যাত্রা ‘লিম্বো’। দর্শকের জন্য হতে যাচ্ছে এক অনন্য অভিজ্ঞতা, আমার জন্যও তাই। যাচ্ছি, ফিরে আসবো, অন্যরকম এক জগত সাথে নিয়ে। চলচ্চিত্রটি নির্মাণ করছেন তানিম রহমান অংশু।’
রাজের জন্মদিনে সিনেমাটির পোস্টার প্রকাশের পাশাপাশি শুভেচ্ছা জানিয়েছেন নির্মাতা তানিম রহমান অংশুও। তিনি লিখেছেন, ‘মহাকাশের পথে এক অনিঃশেষ যাত্রা ‘লিম্বো’। শুভ জন্মদিন শরিফুল রাজ। এবার সার্ফিং হবে আকাশে চলো।’
‘আইসক্রিম’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় শরিফুল রাজের। এরপর বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। এবার ‘লিম্বো’র মাধ্যমে ভিন্নধর্মী এক গল্প ও চরিত্রে দর্শকদের সামনে আসার অপেক্ষায় রয়েছেন এই অভিনেতা। মহাকাশের পটভূমিতে নির্মিত সিনেমাটি নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
(ওএস/এএস/নভেম্বর ১৮, ২০২৬)
