ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

প্রচ্ছদ » খেলা » বিস্তারিত

হারের পর ভারতকে গার্ড অব অনার দিয়ে নজর কাড়ল পাকিস্তান

২০২৬ নভেম্বর ১৮ ১৪:৪৫:০৯
হারের পর ভারতকে গার্ড অব অনার দিয়ে নজর কাড়ল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক :ফাইনালে হারলেও মাঠের সৌজন্যবোধে মন জয় করল পাকিস্তান। সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের কাছে ২-১ গোলে হারের পর প্রতিপক্ষ দলকে গার্ড অব অনার দিয়েছে পাকিস্তান।

মঙ্গলবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে শিরোপা জয়ের আনন্দে মেতে ওঠা ভারতীয় ফুটবলারদের প্রতি পাকিস্তানের এই সম্মান প্রদর্শন নজর কেড়েছে সবার।

ফাইনালে পাকিস্তানকে হারিয়ে রেকর্ড ১০মবারের মতো সাফ চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
ম্যাচের প্রথমার্ধে আলমগীর গাজীর গোলে এগিয়ে ছিল পাকিস্তান। তবে বিরতির পর ঘুরে দাঁড়ায় ভারত।
সুহাইল আহমদ ভাট ও সন্দীপ মান্ডির গোলে জয় নিশ্চিত করে তারা।

ম্যাচের ৮৮তম মিনিটে আবদুল রবিহের কর্নার থেকে হেডে গোল করেন বাঁ প্রান্তের ডিফেন্ডার মান্ডি।
তার গোলেই নিশ্চিত হয় ভারতের শিরোপা। এর আগে দ্বিতীয়ার্ধের শুরুতে জুনায়েদ শাহ ব্রাইসন ফার্নান্দেসকে স্ট্যাম্প করায় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ফলে ১০ জনের দলে পরিণত হয় পাকিস্তান। এরপরই সমতায় ফেরে ভারত।

টুর্নামেন্টে চার গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জিতেছেন সুহাইল। হয়েছেন আসরের সেরা খেলোয়াড়ও।

তবে ম্যাচের ফল ছাপিয়ে আলোচনায় এসেছে দুই দলের খেলোয়াড়দের ক্রীড়াসুলভ আচরণ। ম্যাচ শেষে ভারতীয় খেলোয়াড়দের পাকিস্তানের ফুটবলারদের সান্ত্বনা দিতে দেখা যায়।

এরপর পাকিস্তান দলের খেলোয়াড় ও কোচিং স্টাফরা ভারতীয় দলকে গার্ড অব অনার দেন। ভারতীয় খেলোয়াড়রাও করমর্দনের মাধ্যমে পাকিস্তানের এই সৌজন্যের জবাব দেন।

নিউক্যাসল ইউনাইটেডের সাবেক মিডফিল্ডার নলবার্তো সোলানোর অধীনে খেলা পাকিস্তানের জন্য এটি ছিল প্রথম সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল। প্রথমার্ধের বেশির ভাগ সময় ম্যাচ নিয়ন্ত্রণে রেখেও শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।

এই টুর্নামেন্টে দুই দলের দ্বিতীয় দেখা ছিল ফাইনালটি। এর আগে গ্রুপ পর্বে পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়েছিল ভারত।

এই জয়ের মধ্য দিয়ে টানা তিনবার সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের কীর্তি গড়েছে ভারত। সব মিলিয়ে এটি তাদের ১০ম শিরোপা।

(ওএস/এএস/নভেম্বর ১৮, ২০২৬)