প্রচ্ছদ » মুক্তচিন্তা » বিস্তারিত
পূরবীদি চলে গেলেন
‘পূরবী বসু ‘একুশে’ পেলে কিছুটা সান্তনা থাকতো’
২০২৬ নভেম্বর ১৯ ১৮:০৫:৫৩
শিতাংশু গুহ
পূরবীদি চলে গেলেন। জ্যোতিদা’র সাথে কথা বলতে গিয়ে বুঝলাম, এ পরিস্থিতিতে কথা বলা বেশ কষ্ট, কি বলবো! জানালেন ছেলেমেয়েরা সবকিছু দেখছে। পূরবী বসু-জ্যোতি দত্ত এক চমৎকার জুটি। সদা হাস্য, হিংসা-দ্বেষহীন, নিরংকার অথচ উচ্চশিক্ষিত, মার্জিত, দেশের জন্যে নিবেদিত প্রাণ এমন জুটি যেকোন সমাজের জন্যে আশীর্ব্বাদ। আমি ও আমার স্ত্রী তাঁদের আশীর্বাদ পেয়েছিলাম। আলপনা আমাকে প্রথম শোক সংবাদটি জানায়।
আমেরিকা আসার (১৯৯০) প্রায় সাথে সাথেই আমার জ্যোতিদা’র সাথে পরিচয় ঘটে। সৈয়দ মোহাম্মদুল্ল্যাহ আমাকে জ্যোতিদা’র সাথে পরিচয় করিয়ে দেন্ না জ্যোতিদা আমাকে সৈয়দ মোহাম্মদুল্ল্যাহ’র সাথে পরিচয় করিয়ে দেন্ ঠিক মনে নেই, তবে দু’টোই প্রায় একই সময়ে ঘটেছিলো। জ্যোতিদা আমাকে তাঁর বাসায় যেতে বলেছিলো, দ্রুতই যাই, তারা তখন ম্যানহাটনের বাসায় থাকেন, সেখানে প্রথম পূরবী বৌদি’র সাথে পরিচয়, তিনি যত্ন করে ভাত খাইয়েছিলেন।
কেমন জানি বৌদি প্রথম দেখাতেই আমাকে আপন করে নিয়েছিল। এরপর এই ৩৬ বছরে এ সম্পর্কে কোন ছেদ পড়েনি। পূরবীদি সাহিত্যিক, বাংলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত। তিনি বিজ্ঞানী, ছোটখাট নয়, বেশ বড়সড়, বেশকিছু রিসার্স আছে। একবার তিনি মনের দু:খে বলেছিলেন যে, তাঁর রিসার্স নিয়ে কেউ তাঁকে ঠকিয়ে যথেষ্ট সুনাম কামিয়েছে! এই দম্পতি দীর্ঘকাল আমেরিকান নাগরিকত্ব নেননি (এখন জানিনা, সম্ভবত: এখনো নেননি, ঠিক জানিনা)।
দু’বার তাঁরা বাংলাদেশ গিয়ে স্থায়ীভাবে থাকার চেষ্টা করেছেন, আবার ফিরতে বাধ্য হয়েছেন। যেদেশকে তারা গভীরভাবে ভালবেসেছিলেন, দেশ ঠিক সেভাবে তাঁদের ভালবাসতে পারেনি। অনেকেই লক্ষ্য করেছেন বা জানেন যে, পূরবীদি সর্বদা শাড়ী পড়তেন, প্যান্ট-শার্ট পরা পূরবীদি-কে আমি দেখিনি। আমি একবার পূরবীদি আবার পূরবী বৌদি লেখার কারণ হচ্ছে, তিনি আমার কাছে দু’টোই ছিলেন। একই সাথে দিদি এবং জ্যাতিদা’র স্ত্রী হিসাবে বৌদি।
পূরবীদি সম্পর্কে অনেকে লিখেছেন, আরো লিখবেন, তাঁর লেখক ও বিজ্ঞানী স্বত্বা নিয়ে লেখার স্পর্ধা আমার নেই, আমি মানবী পূরবী বসু’র কথা বলছি, তিনি একজন ভাল মানুষ ছিলেন। এ সময়ে বহু স্বার্থপর, খারাপ মানুষের মাঝে পূরবী বৌদি একজন মহিয়সী নারী, একজন অনুকরণীয় ব্যক্তিত্ব ছিলেন। ঠিক কতদিন আগে পূরবীদি-কে দেখেছি মনে নেই, তবে আমার স্ত্রী জানালো বছর খানেক আগে তাঁরা নিউইয়র্কে এসেছিলেন, তখন দেখা হয়েছে।
শেষদিকে পূরবীদি বেশ অসুস্থ ছিলেন। নিউইয়র্ক ছেড়ে তারা কলরাডো এবং পরে ফ্লোরিডায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন, যোগাযোগ ব্যাহত হবারই কথা, তবে বন্ধ হয়ে যায়নি। ব্যক্তিগত প্রসঙ্গ খুব একটা টানতে চাইনা, তাঁর মৃত্যুতে দু:খ পেয়েছি। একটু সান্তনা থাকতো যদি তিনি ‘একুশ’ পদকটা পেতেন। পরপারে তিনি ভাল থাকুন, তাঁর আত্মার সদ্গতি কামনা করি। খারাপ লাগছে জ্যোতিদা’র কথা ভেবে, তিনি একলা হয়ে গেলেন।
লেখক : আমেরিকা প্রবাসী।
