প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
বাঙ্গালহালিয়ায় পরিত্যক্ত অবস্থায় দেশীয় অস্ত্র ও কার্তুজ উদ্ধার
২০২৬ নভেম্বর ১৯ ১৮:১০:২৭
রিপন মারমা, রাঙামাটি : রাঙামাটির কাপ্তাইয়ে চন্দ্রঘোনা থানাধীন বাঙ্গালহালিয়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি) ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।
গত বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে বাঙ্গালহালিয়া এলাকা থেকে অস্ত্র ও কার্তুজগুলো উদ্ধার করা হয়। চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাকের আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল এলাকায় চলমান বিশেষ অভিযান পরিচালনা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, বাঙ্গালহালিয়া স্টেশনে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, বাঙ্গালহালিয়া বাজারের দক্ষিণ পাশে এবং বাঙ্গালহালিয়া সরকারি কলেজ সংলগ্ন উত্তর পাশের পুকুরপাড়ের জঙ্গলে কে বা কারা একটি সন্দেহজনক বস্তু ফেলে গেছে। এরপর ওসির নেতৃত্বে পুলিশ সদস্যরা স্থানীয় দোকানদার ও উপস্থিত লোকজনকে সাথে নিয়ে ওই স্থানে তল্লাশি চালায়। তল্লাশির একপর্যায়ে পুকুরপাড়ের নিচে জঙ্গলের ভেতর থেকে পলিথিনের একটি শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় বস্তুটি উদ্ধার করা হয়।
উপস্থিত সাক্ষীদের সামনে ব্যাগটি খুলে দেশীয় তৈরি একটি এলজি ও দুই রাউন্ড তাজা কার্তুজ পাওয়া যায়। পুলিশ জানায়, উদ্ধার হওয়া অস্ত্রটির বাঁকানো বাট প্রায় ৪ ইঞ্চি, বডি ৪.৫ ইঞ্চি এবং ব্যারেল ৭.৯ ইঞ্চি লম্বা; ব্যারেলসহ অস্ত্রটির মোট দৈর্ঘ্য প্রায় ১২ ইঞ্চি। অস্ত্রটি চালু অবস্থায় ছিল এবং এতে ফায়ারিং পিন সংযুক্ত রয়েছে। এছাড়া উদ্ধার হওয়া কার্তুজ দুটির একটি লাল ও একটি সাদা রঙের—যার মধ্যে একটি রাবার বুলেট এবং অপরটি সিসা বুলেট।
পরবর্তীতে ওসির নির্দেশে এসআই সুফল কুমার দাস সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকার মাধ্যমে অস্ত্র ও কার্তুজগুলো জব্দ করেন।
চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাকের আহমেদ জানান, ঘটনাস্থলের আশপাশের দোকানদার ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করেও অস্ত্রটি কে বা কারা ফেলে রেখে গেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখতে পুলিশের অনুসন্ধান অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
(আরএম/এসপি/নভেম্বর ১৯, ২০২৬)
