ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

সুন্দরবন, সাতক্ষীরা রেঞ্জে আবারও মুক্তিপণের দাবিতে জেলে অপহৃত

মুক্তিপণ দিতে না পারায় এক সপ্তাহেও বাড়ি ফিরতে পারেননি অপহৃত ৪ জেলে

২০২৬ নভেম্বর ১৯ ১৮:৩০:৩৪
মুক্তিপণ দিতে না পারায় এক সপ্তাহেও বাড়ি ফিরতে পারেননি অপহৃত ৪ জেলে

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সুন্দরবন, সাতক্ষীরা রেঞ্জে জলদস্যু আলম বাহিনীর হাতে আবারও অপহৃত হয়েছেন দু’জেলে। বুধবার ভোরে কলাগাছিয়া এলাকা থেকে তাদেরকে অপহরণ করা হয়। এদিকে অপহরণের এক সপ্তাহ পার হলেও মুক্তিপণ দিতে না পারায় বাড়ি ফিরতে পারেননি চার জেলে।

নতুন অপহৃত দুই জেলে হলেন, শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী গ্রামের বেলাল গাজী ও সিদ্দিক গাজী।

আর ১ সপ্তাহ আগে অপহৃত জেলেরা হলেন, একই উপজেলার নীলডুমুর গ্রামের আব্দুল হাকিম (৪০), বাবু গাজী (২৩), শোকর আলী (৩৩),আশরাফুল আলম (৩৮) ও আব্দুর রাজ্জাক (৩৭)। তবে দেড় লাখ টাকা মুক্তিপণ দিয়ে আশরাফুল আলম মঙ্গলবার বাড়ি ফিরে এসেছেন।

অপহৃতের স্বজনদের দাবি, প্রত্যেকের দুই লাখ টাকা মুক্তিপণের দাবিতে এক সপ্তাহ আগে ১০ নভেম্বর কলাগাছিয়া এলাকা থেকে ৫ জেলেকে অপহরণ করে ভাই ভাই বাহিনী ও আমীর আলী বাহিনী। মুক্তিপণের অংক অনেক বেশি হওয়ায় ৫ জনের মধ্যে ৪ জন টাকা সংগ্রহ করতে পারেননি।

সুন্দরবন, সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক শাহিনুর রহমান বলেন, বিষয়টি তারাও জেলেদের মুখে শুনেছেন।

(আরকে/এসপি/নভেম্বর ১৯, ২০২৬)