প্রচ্ছদ » খেলা » বিস্তারিত
বড় জয় দিয়ে এশিয়া কাপ রাইজিং স্টারস-এ বাংলাদেশের শুভ সূচনা
২০২৬ নভেম্বর ২০ ১৩:৫১:২১
স্পোর্টস ডেস্ক : দোহারে এশিয়া কাপ রাইজিং স্টারস-এ ৫০ ওভারের আসরে দুর্দান্ত জয় দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ ‘এ’ দল।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গ্রুপ ‘এ’-এর প্রথম ম্যাচে হংকংকে ৮ উইকেটে হারিয়েছে সাইফ হাসানের দল। ২২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯ ওভার হাতে রেখেই জয় নিশ্চিত করে বাংলাদেশ।
টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক সাইফ হাসান। শুরুতে নিয়ন্ত্রিত বোলিংয়ে হংকংকে চাপে রাখলেও শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২১৯ রান সংগ্রহ করে দলটি।
হংকংয়ের হয়ে সর্বোচ্চ ৭৭ রান করেন আনশুমান রাথ। ৮৭ বলের ইনিংসে পাঁচটি চার ও দুটি ছক্কা মারেন তিনি। এ ছাড়া আইজাজ খান ১০৬ বলে ৬৭ রান করে দলের সংগ্রহে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। বাংলাদেশের বোলারদের মধ্যে ইকবাল হোসেন ইমন ছিলেন সবচেয়ে সফল। ৯ ওভারে ৩৩ রান দিয়ে তিনটি উইকেট শিকার করেন তিনি। সমান ৩৩ রান খরচায় একটি করে উইকেট নেন মোহাম্মদ সাইফউদ্দিন ও অধিনায়ক সাইফ হাসান। এ ছাড়া মো. রুবেল ও রাকিবুল হাসান একটি করে উইকেট পান।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল বাংলাদেশ। উদ্বোধনী জুটি থেকে ভালো ভীত পাওয়ার পর অধিনায়ক সাইফ হাসান ও শাহাদাত হোসেন দলকে এগিয়ে নেন। শাহাদাত ৫৯ বলে ৪৩ রান করে আউট হলেও হংকংয়ের বোলারদের চাপে রাখেন সাইফ।
এরপর ক্রিজে এসে ঝড় তোলেন ইয়াসির আলী। সাইফের সঙ্গে জুটি গড়ে দ্রুত ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেন তিনি। মাত্র ৫১ বলে ৭১ রানের অপরাজিত ইনিংস খেলেন ইয়াসির। তার ইনিংসে ছিল তিনটি চার ও পাঁচটি ছক্কা।
অন্য প্রান্তে দায়িত্বশীল ব্যাটিংয়ে ১১৬ বলে ৮৬ রানে অপরাজিত থাকেন অধিনায়ক সাইফ হাসান। তার ইনিংসে ছিল চারটি চার ও একটি ছক্কা। দুই ব্যাটারের অপরাজিত জুটিতে ৪১ ওভারে ২ উইকেট হারিয়ে ২২০ রান তুলে নেয় বাংলাদেশ ‘এ’ দল।
এই জয়ে আসরে দারুণ সূচনা করল বাংলাদেশ। পরের ম্যাচে শনিবার আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ‘এ’ দল।
(ওএস/এএস/নভেম্বর ২০, ২০২৬)
