ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রচ্ছদ » রাজনীতি » বিস্তারিত

দেশ ছাড়লেও আওয়ামী লীগের রক্ততৃষ্ণা কমেনি : রিজভী

২০২৬ নভেম্বর ২০ ১৮:৫০:২০
দেশ ছাড়লেও আওয়ামী লীগের রক্ততৃষ্ণা কমেনি : রিজভী

রূপক মুখার্জি, নড়াইল : দেশ থেকে পালিয়ে যাওয়ার পরও আওয়ামী লীগের রক্ততৃষ্ণা আরো তীব্র ও গভীর হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নড়াইলের কালিয়ায় সন্ত্রাসী হামলায় নিহত স্থানীয় দুই বিএনপি নেতার পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হলেও চক্রান্তের মাধ্যমে দেশে একের পর এক হত্যাকাণ্ড চালানো হচ্ছে বলে হুঁশিয়ারি দেন তিনি।

আজ শুক্রবার সকালে নড়াইলের কালিয়া উপজেলায় সম্প্রতি নিহিত কালিয়া পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যা এবং উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্যার কবর জিয়ারত করেন রুহুল কবির রিজভী। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বিদায়ী শাসনের কঠোর সমালোচনা করেন।

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, 'যাদের জিহ্বায় রক্তের স্বাদ লেগে গেছে, তারা কোনোভাবেই শান্তিতে থাকতে পারে না। চব্বিশের জুলাই ও আগস্ট বিপ্লবে মাসুম শিশুদের রক্ত ঝরিয়েও তারা ক্ষান্ত হয়নি। ক্ষমতা ধরে রাখতে আবরার, মুগ্ধ, আবু সাঈদ, ওয়াসিক ও ফাইয়াজদের মতো অগণিত শিক্ষার্থীকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছিল।'

তিনি আরও অভিযোগ করেন, 'ছাত্র-জনতার ঐতিহাসিক প্রতিরোধের মুখে ক্ষমতা ছেড়ে পালিয়ে গেলেও পার্শ্ববর্তী দেশ থেকে কলকাঠি নাড়ছেন স্বৈরাচার। সেখান থেকেই অনুচরদের দিয়ে দেশে একের পর এক রক্তাক্ত ঘটনা ঘটানো হচ্ছে। নড়াইলে সোহেল ও শাহিনের মর্মান্তিক মৃত্যু সেই অব্যাহত চক্রান্তেরই অংশ বলে তিনি মন্তব্য করেন।'

শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা জানিয়ে তিনি পুনর্ব্যক্ত করেন যে, এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে বিএনপি দৃঢ়প্রতিজ্ঞ। তিনি স্পষ্ট ভাষায় জানান, অন্যায়ভাবে ঝরানো প্রতিটি রক্তের ফোঁটার বিচার বাংলার মাটিতেই হবে এবং জনগণের অধিকার কেড়ে নেওয়ার সুযোগ আর কাউকে দেওয়া হবে না।

উক্ত কবর জিয়ারত ও পরিবার সাক্ষাৎ কর্মসূচিতে নড়াইলের দায়িত্বে থাকা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৮ নভেম্বর কালিয়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে একটি মোটরসাইকেল মিছিল বের করা হলে সন্ত্রাসী হামলায় মারাত্মক আহত হয়ে পরবর্তীতে প্রাণ হারান সোহেল ও শাহীন। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।

(আরএম/এসপি/নভেম্বর ২০, ২০২৬)