ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রচ্ছদ » শিল্প-সাহিত্য » বিস্তারিত

নির্জন স্বাক্ষর 

২০২৬ নভেম্বর ২১ ১৩:৩১:২৮
নির্জন স্বাক্ষর 










জীবনানন্দ দাশ

তুমি তা জান না কিছু, না জানিলে,-
আমার সকল গান তবুও তোমারে লক্ষ্য করে!
যখন করিয়া যাব হেমন্তের ঝড়ে,

পথের পাতার মত তুমিও তখন
আমার বুকের’ পরে শুয়ে রবে?
অনেক ঘুমের ঘোরে ভরিবে কি মন

সেদিন তোমার!
তোমার এ জীবনের ধার
ক্ষয়ে যাবে সেদিন সকল?
আমার বুকের ‘পরে সেই রাতে জমেছে যে শিশিরের জল,

তুমিও কি চেয়েছিলে শুধু তাই!-
শুধু তার স্বাদ
তোমারে কি শান্তি দেবে!
আমি ঝ’রে যাব, তবু জীবন অগাধ

তোমারে রাখিবে ধ’রে সেইদিন পৃথিবীর ‘পরে,-
আমার সকল গান তবুও তোমারে লক্ষ্য ক’রে!
রেয়েছি সবুজ মাঠে-ঘাসে-
আকাশ ছড়ায়ে আছে নীল হয়ে আকাশে আকাশে;
জীবনের রঙ তবু ফলান কি হয়
এই সব ছুঁইয়ে ছেনে!-সে এক নিস্ময়
পৃথিবীতে নাই তাহা-আকাশেও নাই তার স্থল-
চেনে নাই তারে অই সমুদ্রের জল!

রাতে রাতে হেঁটে-হেঁটে নক্ষত্রের সনে
তারে আমি পাই নাই;- কোনো এক মানুষীর মনে
কোনো এক মানুষের তরে
যে-জিনিস বেঁচে থাকে হৃদয়ের গভীর গহ্বরে!-

নক্ষত্রের চেয়ে আরো নিঃশব্দ আসনে
কোনো এক মানুষের তরে এক মানুষীর মনে!

একবার কথা ক’ইয়ে দেশ আর দিকের দেবতা
ববা হয়ে প’রে থাকে-ভুলে যায় কথা!
যে-আগুন উঠেছিল তাদের চোখের তলে জ্ব’লে
নিভে যায় –ডুবে যায় –তারা যায় স্থলে

নতুন আকাঙ্খা আসে –চলে আসে নতুন সময়,-
পুরানো সে নক্ষত্রের দিন শেষ হয়,
নতুনেরা আসিতেছে বলে!-
আমার বুকের থেকে তবুও কি পরিয়াছে স্থলে
কোনো এক মানুষীর তরে
যেই প্রেম জ্বালায়েছি পুরোহিত হয়ে তার বুকের উপরে!

আমি সেই পুরোহিত –সেই পুরোহিত!-
যে-নক্ষত্র মরে যায়, তাহার বুকের শীত
লাগিতেছে আমার শরীরে,-
যেই তারা জেগে আছে, তার দিকে ফিরে

তুমি আছ জেগে-
যে-আকাশ জ্বলিতেছে, তার মত মনের আবেগে
জেগে আছ;-
জানিয়াছ তুমি এক নিশ্চয়তা-হয়েছ নিশ্চয়!
হয়ে যায় আকাশের তলে কত আলো-কত আগুনের ক্ষয়;-
কতবার বর্তমান হয়ে গেছে ব্যথিত অতীত-
তবুও তোমার বুকে লাগে নাই শীত
যে-নক্ষত্র ঝ’রে যায় তার!
যে-পৃথিবী জেগে আছে, তার ঘাস-আকাশ তোমার!
জীবনের স্বাদ লয়ে জেগে আছ –তবুও মৃত্যুরা ব্যথা দিতে

পার তুমি’;
তোমার আকাশে তুমি উষ্ণ হয়ে আছ, তবুও-
বাহিরের আকাশের শীতে
নক্ষত্রের হইতেছে ক্ষয়,
নক্ষত্রের মতন হৃদয়

পড়িতেছে ঝ’রে-
ক্লান্ত হয়ে- শিশিরের মত শব্দ ক’রে!
জান নাকো তুমি তার স্বাদ,
তোমারে নিতেছে ডেকে জীবন অবাধ,
জীবন অগাধ!

হেমন্তের ঝড়ে আমি ঝরিব যখন-
পথের পাতার মত তুমিও তখন
আমার বুকের ‘পরে শুয়ে রবে? –অনেক ঘুমের ঘোরে ভরিবে কি মন
সেদিন তমার!
তমার আকাশ-আল-জীবনের ধার

ক্ষয়ে যাবে সেদিন সকল?
আমার বুকের, পরে সেই রাতে জমেছে যে শিশিরের জল
তুমিও কি চেয়েছিলে শুধু তাই! শুধু তার স্বাদ
তোমারে কি শান্তি দেবে!
আমি চ’লে যাব, –তবু জীবন অগাধ
ত্মারে রাখিবে ধরে সেই দিন পৃথিবীর ‘পরে;-
আমার সকল গান তবুও তোমারে লক্ষ্য করে!