প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে নিয়ে উধাও, ছাত্রলীগের সাবেক নেতার বিরুদ্ধে অপহরণ মামলা
২০২৬ নভেম্বর ২১ ১৭:৫০:২৯
বিকাশ স্বর্ণকার, বগুড়া : বিয়ের প্রলোভন দেখিয়ে দশম শ্রেণির এক ছাত্রীকে (১৬) প্ররোচিত করে নিয়ে যাওয়ার অভিযোগে বগুড়ার শেরপুর থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে মামলাটি করেন।
মামলায় পৌর শহরের রামচন্দ্রপুরপাড়া এলাকার মোঃ সাদিকুর রহমান (২৭), তাঁর বাবা মোঃ আবু বক্কর সিদ্দিক (৫৮) এবং অজ্ঞাতনামা তিন-চারজনকে আসামি করা হয়েছে। অভিযুক্ত সাদিকুর শেরপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি।
এজাহারে উল্লেখ করা হয়, বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে ওই ছাত্রীকে প্রায়ই প্রেমের প্রস্তাব ও বিয়ের প্রলোভন দেখাতেন সাদিকুর। এর জেরে গত বুধবার (১৮ই নভেম্বর) রাত ১০টার দিকে পৌর এলাকার নিজ বাড়ির সামনে থেকে মেয়েটিকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া হয়। ওই সময় ১০ ভরি স্বর্ণালংকার,দুটি স্মার্টফোন ও পোশাকও নিয়ে যাওয়া হয় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও প্রথমে মেয়েটির সন্ধান পায়নি পরিবার। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও দেখে স্বজনেরা বুঝতে পারেন, ছাত্রীটি সাদিকুরের সঙ্গে চলে গেছে। এরপর ছাত্রীর মা পুলিশের শরণাপন্ন হন।
পুলিশ জানায়, অপহরণ ও এ কাজে সহায়তার অভিযোগে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ একরামুল হোসাইন বলেন, ভুক্তভোগীকে উদ্ধার এবং আসামিদের গ্রেপ্তারে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
(বিএস/এসপি/নভেম্বর ২১, ২০২৬)
