প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু
২০২৬ নভেম্বর ২১ ১৯:০১:১৭রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল কুদ্দুস মোড়ল নামের এক ঘের মালিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরের দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা চৌমুহুনী কদমতলা বিলে নিজ মাছের ঘেরে কাজ করার সময় এ ঘটনা ঘটে।
নিহত কুদ্দুস মোড়ল(৩০) কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের কাশেমপুর গ্রামের মোঃ নজরুল ইসলাম মোড়লের ছেলে।
কাশেমপুর গ্রামের আব্দুর রাজ্জাক মোড়লের স্ত্রী শিউলি আক্তার জানান, তার দেবর আব্দুল কুদ্দুস মোড়ল শনিবার সকাল ১১টার দিকে বৃষ্টি চলাকালিন কদমতলা বিলে নিজের মাছের ঘেরে কাজ করছিলো। দুপুর ১২টার দিকে বেড়িবাঁধে টাঙানো তারে তার হাত লাগলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নীচে পড়ে যায়। পাশে থাকা তার ননদের ছেলে আল আমিন তার মামাকে পড়ে যেতে দেখে বাড়িতে খবর দেয়। তাকে উদ্ধার করে নলতা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
শিউলি আক্তার আরো জানান, দেবরের লাশ বাড়িতে রয়েছে। তার বড় ভাসুর ইদ্রিস আলী মালোয়েশিয়া থেকে আজ রাত ৮টায় বিমানে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। তিনি বাড়িতে আসার পর আগামিকাল রবিবার সকাল ১০টায় স্থানীয় মসজিদে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে কুদ্দুস মোড়লের লাশ দাফন করা হবে। তবে শনিবার বিকেল পৌনে ৫টা পর্যন্ত পুলিশ তাদের বাড়িতে আসেনি।
এ ব্যাপারে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাহীনুর রহমান জানান, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
(আরকে/এসপি/নভেম্বর ২১, ২০২৬)
