প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
চাটমোহরে উপজেলা পরিষদের পার্কে ধুমপান, ৩ যুবককে জরিমানা
২০২৬ নভেম্বর ২১ ১৯:২৯:৫৮
চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলা পরিষদ চত্বরে শিশু পার্কে ধূমপান করার অপরাধে তিন যুবককে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট খালিদ হাসান ভ্রাম্যমান আদালত বসিয়ে এ রায় প্রদান করেন।
শনিবার (২১ নভেম্বর) উপজেলা পরিষদ চত্বরের শিশু পার্কে ধূমপানরত অবস্থায় ৩ যুবককে আটক করে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ অনুযায়ী এ অর্থদণ্ড প্রদান করেন।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান জানান, শিশু পার্ক একটি পাবলিক প্লেস এবং শিশুদের নির্মল বিনোদনের অন্যতম স্থান। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের স্বার্থে এবং পরোক্ষ ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে তাদের সুরক্ষিত রাখতে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর।
তিনি আরও বলেন, জনস্বার্থে এবং পার্কের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। শিশুদের নিরাপত্তা, সুস্থ বিনোদন ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে অভিভাবক, এলাকাবাসীসহ সকলের সচেতনতা ও সহযোগিতা কামনা করেন তিনি।
(এসএইচ/এসপি/নভেম্বর ২১, ২০২৬)
