ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

প্রচ্ছদ » বিনোদন » বিস্তারিত

দীর্ঘ বিরতির পর নাটকে ফিরছেন তাসনিয়া ফারিণ

২০২৬ নভেম্বর ২৩ ১৫:৩৫:৩১
দীর্ঘ বিরতির পর নাটকে ফিরছেন তাসনিয়া ফারিণ

বিনোদন ডেস্ক :ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। চলচ্চিত্র ও ওয়েব কনটেন্টে ব্যস্ততার কারণে বেশ কিছুদিন নাটকে নিয়মিত দেখা যায়নি তাকে। দীর্ঘ বিরতি কাটিয়ে ফের নাটকে ফিরছেন এই অভিনেত্রী। ‘প্রাণ সখিয়া’ শিরোনামের নতুন একটি নাটকে অভিনয় করছেন তিনি। এতে তার বিপরীতে রয়েছেন অভিনেতা ফারহান আহমেদ জোভান। নাটকটি পরিচালনা করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

সম্প্রতি নাটকটির শুটিং শুরু হয়েছে। শুটিং সেট থেকে ফারিণ ও জোভানের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে নাটকটির খবর জানান নির্মাতা রাজ। এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর আবারো একসঙ্গে পর্দায় ফিরছেন জনপ্রিয় এই জুটি। একই সঙ্গে ছোটপর্দায়ও প্রত্যাবর্তন হচ্ছে ফারিণের।

একসময় নাটকে নিয়মিত অভিনয় করতেন ফারিণ। তবে ওয়েব সিরিজ ও চলচ্চিত্রে ব্যস্ততা বাড়ার পর ছোটপর্দায় তার উপস্থিতি কমে আসে। সর্বশেষ গত ঈদুল ফিতরে শাকিব খানের বিপরীতে ‘প্রিন্স’ সিনেমায় অভিনয় করেন তিনি। সিনেমাটি মুক্তির পর কিছুটা বিরতিতে ছিলেন এই অভিনেত্রী। সম্প্রতি ইমরাউল রাফাত পরিচালিত ‘ডাকাতিয়া বাঁশি’ ওয়েব সিরিজের মাধ্যমে আবারো অভিনয়ে সক্রিয় হন তিনি। সিরিজটি চলতি বছরের শেষ দিকে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

অন্যদিকে, একটি নাটকের প্রচারকে কেন্দ্র করে জোভান ও ফারিণের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল বলে জানা যায়। এরপর তিন বছরের বেশি সময় ধরে পর্দায় একসঙ্গে দেখা যায়নি তাদের। দীর্ঘ বিরতি শেষে ‘প্রাণ সখিয়া’ নাটকের মাধ্যমে ফের জুটি বাঁধছেন তারা। ফলে নাটকটি নিয়ে দুই অভিনয়শিল্পীর ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

(ওএস/এএস/নভেম্বর ২৩, ২০২৬)