ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

সার্বিক পরিস্থিতি শান্ত

গোপালগঞ্জে গুজব নিয়ে সতর্কতা ও নিরাপত্তা জোরদার

২০২৬ নভেম্বর ২৩ ১৮:১৫:৫০
গোপালগঞ্জে গুজব নিয়ে সতর্কতা ও নিরাপত্তা জোরদার

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে গুজব নিয়ে সতর্কতা ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। রেবাবার রাতে বিজিবি গোপালগঞ্জে গণহত্যা চালাবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এটি পোস্ট দেওয়া হয়। তারপর গোপালগঞ্জ শহর, আশপাশের ইউনিয়ন মাঝিগাতী, কাঠি, দুর্গাপুর, রঘুনাথপুর, লতিফপুর, হরিদাসপুর, চন্দ্রদীঘলিয়া সহ বিভিন ইউনিয়নে মসজিদ ও মাইকে ঘোষণা দিয়ে সবাইকে এটি প্রতিহত করার আহবান জানানো হয়। রাত ১০ টার পর লাঠি-সোটা, রামদা, হকিস্টিক টেটা, ঢাল, সড়কি সহ দেশীয় অস্ত্র নিয়ে হাজার-হাজার মানুষ বেড়িয়ে পড়েন। তারা শো-ডাইন করেন। কিন্তু এতে কোন সহিংস ঘটনার খবর পাওয়া্ যায়নি। তবে জনতাকে প্রসমিত করতে কার্যক্রম নিষিদ্ধ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতারা বিজিবিকে জড়িয়ে দেওয়া ফেসবুক পোস্ট ভুয়া বলেও তাদের আইডি থেকে পোস্ট দেওয়া হয়। সেদিকে কেউ নজর দেননি। বরং গুজবে কান দিয়ে তারা মাঝরাত পর্যন্ত রাস্তায় শো-ডাউন করেন। পরে রাত ১২ টার দিকে তারা ঘরে ফিরে যান।

এ নিয়ে জেলা আইন শৃংখলা পরিস্থিতিতে কোন প্রভাব পড়েনি। জেলা সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি শান্ত রয়েছে। জেলার সব রুটে যানবাহন চলাচল করছে। এখান থেকে দূরপাল্লার বাস ছেড়ে যাচ্ছে। অফিস, আদালত, ব্যাংক বীমায় স্বাভাবিক কাজকর্ম চলছে। জেলার সব বিপণী বিতান ও ব্যাবসা প্রতিষ্ঠান খোলা রয়েছে। জীবনযাত্রা স্বাভাবিক হয়ে এসছে। তবে চাপা আতংকে শহরে মানুষের সমাগম কম। ব্যবসা প্রতিষ্ঠানে কেনা-বেচা কমে গেছে।

গুজব নিয়ে সতর্কতা ও বিজিবর নিরাপত্তা জোরদার

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিজিবি সদস্যরা গোপালগঞ্জে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে শহরের গুরুত্বপূর্ণ সড়কে টহল দিচ্ছে, যাতে কোনও নাশকতার ঘটনা না ঘটে। রবিবার (২২ নভেম্বর) রাতে বিজিবির পক্ষ থেকে এটি জানানো হয় ।

সেখানে উল্লেখ করা হয়েছে, বিভিন্ন ফেসবুক পেজ ও সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট থেকে সম্প্রতি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিরুদ্ধে সংঘবদ্ধ অপপ্রচার চালানো হচ্ছে। এসব প্রচারণায় গোপালগঞ্জে তথাকথিত ‘অভিযান বা হত্যাযজ্ঞের’ ভিত্তিহীন আশঙ্কা ছড়ানোর পাশাপাশি জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম জড়িয়ে মনগড়া, বানোয়াট ও উসকানিমূলক তথ্যও প্রচার করা হচ্ছে। পাশাপাশি সাধারণ জনগণকে সংঘবদ্ধ হয়ে বিজিবিকে আক্রান্ত করতে প্ররোচিত করা হচ্ছে।

বিজিবি’র পক্ষ থেকে আরো জানানো হয়েছে , প্রচারিত এসব তথ্য ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী একটি রাষ্ট্রীয় বাহিনীকে জড়িয়ে গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি ও আতঙ্ক সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর এ অপচেষ্টার প্রতিবাদ জানাচ্ছে বিজিবি। এই অপপ্রচারের মাধ্যমে স্পষ্টত: প্রমাণিত হচ্ছে যে, গোপালগঞ্জের জনসাধারণের মধ্যে ভীতি সৃষ্টি করে আরও বেশি ধংসাত্নক কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য প্ররোচিত করাই এই গুজবের মুখ্য উদ্দেশ্য। গোপালগঞ্জে শান্তি ও স্থিতিশীলতা বজায় রেখে নাশকতামূলক সব কর্মকাণ্ড বন্ধ রাখতে বিজিবির প্রতিটি সদস্য সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। কেউ কোনও নাশকতামূলক কার্যক্রমে লিপ্ত হলে তার বিরুদ্ধে তৎক্ষণাৎ বিধি মোতাবেক সব কার্যক্রম দ্রুততার সঙ্গে গ্রহণ করা হবে। তবে সাধারণ শান্তিকামী জনগণের জন্য এতে আতঙ্কের কিছু নেই মর্মে আশ্বস্ত করা হচ্ছে।

উল্লেখ্য, গোপালগঞ্জ জেলা প্রশাসনের চাহিদা অনুযায়ী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বর্তমানে দুই ব্যাটালিয়ন বিজিবি গোপালগঞ্জে আইন শৃঙ্খলা রক্ষার জন্য মোতায়েন রয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিজিবি সদস্যরা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে শহরের গুরুত্বপূর্ণ সড়কে টহল দিচ্ছে যাতে কোনও নাশকতার ঘটনা না ঘটে। জেলা প্রশাসন, এসআরবি, আনসার ও পুলিশের সঙ্গে সমন্বয় করে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ছাড়া বিজিবি সদর দফতরের মনিটরিং সেল থেকে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে মাঠপর্যায়ের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

(টিবি/এসপি/নভেম্বর ২৩, ২০২৬)