ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের বাইরে » বিস্তারিত

এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি

২০২৬ নভেম্বর ২৩ ২১:১৫:৩৪
এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি

আন্তর্জাতিক ডেস্ক : অর্থনৈতিক সক্ষমতা, কূটনৈতিক প্রভাব এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যকর নেতৃত্বের কারণে এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ হিসেবে নিজেদের অবস্থান আরো সুসংহত করেছে ভারত। একই সঙ্গে চীনের সঙ্গে ভারতের সামগ্রিক ক্ষমতার ব্যবধানও ২০১৮ সালের পর সবচেয়ে কমে এসেছে।

পাশাপাশি, এই অঞ্চলের দ্বিতীয় সবচেয়ে কার্যকর নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন নরেন্দ্র মোদি, যার আগে রয়েছেন কেবল চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

অস্ট্রেলিয়াভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান লোয়ি ইনস্টিটিউটের ‘২০২৬ এশিয়া পাওয়ার ইনডেস্ক’-এ এসব তথ্য উঠে এসেছে।

প্রতিষ্ঠানটি অর্থনৈতিক ও সামরিক সক্ষমতা, স্থিতিস্থাপকতা, কূটনৈতিক প্রভাব, ভবিষ্যৎ সম্পদ, প্রতিরক্ষা নেটওয়ার্ক ও অর্থনৈতিক সম্পর্কের মতো আটটি মানদণ্ড ও ১৩১টি সূচকের মাধ্যমে এশিয়ার ২৭টি দেশ ও অঞ্চলকে মূল্যায়ন করে এই প্রতিবেদন তৈরি করেছে।

প্রতিবেদন অনুযায়ী, ভারতের সামগ্রিক ক্ষমতার স্কোর বেড়ে ৪০ দশমিক ৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এর ফলে ২০১৮ সালে পাওয়ার ইনডেস্ক চালুর পর থেকে চীনের সঙ্গে ভারতের ক্ষমতার ব্যবধান এখন সবচেয়ে কম পর্যায়ে নেমে এসেছে। তবে চীনের সামগ্রিক শক্তি এখনো ভারতের তুলনায় ৮০ শতাংশ বেশি।

কোনো দেশের সম্পদের ভিত্তিতে প্রত্যাশিত ক্ষমতা ও বাস্তবে অর্জিত সামগ্রিক ক্ষমতার মধ্যকার ব্যবধানকে এই সূচকে ‘ক্ষমতার ব্যবধান’ হিসেবে বিবেচনা করা হয়। আটটি মানদণ্ডের মধ্যে ভারত পাঁচটিতে উন্নতি করেছে ও তিনটিতে সামান্য পিছিয়েছে। সামান্য পতন সত্ত্বেও কূটনৈতিক প্রভাব এখনও ভারতের সবচেয়ে শক্তিশালী ও স্থিতিশীল ক্ষেত্র। যেখানে অধিকাংশ দেশের কূটনৈতিক প্রভাব কমেছে, সেখানে ভারত নিজের অবস্থান ধরে রাখতে পেরেছে।

এছাড়া দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রতিরক্ষা সহযোগিতা ও ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র বিক্রির ফরে প্রতিরক্ষা নেটওয়ার্কের সূচকে ভারত নবম স্থানে উঠে এসেছে। পাশাপাশি সাংস্কৃতিক প্রচার, তথ্য প্রবাহ ও মানুষের যাতায়াত বৃদ্ধির ফলে দেশটির সাংস্কৃতিক প্রভাব বেড়ে ৪৩ দশমিক ৮ পয়েন্টে পৌঁছেছে।

লোয়ি ইনস্টিটিউটের সাউথ-ইস্ট এশিয়া প্রোগ্রামের পরিচালক এবং এই সূচকের প্রজেক্ট লিড ড. হান্টার মার্স্টন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, “ভারতে প্রভাব বাড়ছে। অর্থনৈতিক সক্ষমতায় কিছুটা ভাটা পড়া সত্ত্বেও ভারত প্রধান শক্তি হিসেবে নিজের স্থান পাকা করেছে এবং শি জিনপিংয়ের পর মোদি এখন দ্বিতীয় সবচেয়ে কার্যকর আঞ্চলিক নেতা হিসেবে বিবেচিত হচ্ছেন।”

সাফল্যের পাশাপাশি প্রতিবেদনে ভারতের কিছু দুর্বল দিকও তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে রুপির মান কমে যাওয়া, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর অর্থনীতি পরিমাপের পদ্ধতিতে পরিবর্তন এবং বিদেশে ভারতের বিনিয়োগ প্রায় ২০ বিলিয়ন ডলার কমে যাওয়া।

এছাড়া উপসাগরীয় সংঘাতের সময় ভারতের অপেক্ষাকৃত কম কূটনৈতিক সক্রিয়তার কারণে প্রধানমন্ত্রী মোদির নেতৃত্ব ও কৌশলগত উচ্চাকাঙ্ক্ষা নিয়ে বৈশ্বিক ধারণায় কিছুটা ভাটা পড়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

তবে এসব সীমাবদ্ধতা সত্ত্বেও এশিয়ার অন্যান্য দেশের তুলনায় ভারতের সামনে সম্ভাবনার ক্ষেত্র অনেক বিস্তৃত বলে মনে করছে লোয়ি ইনস্টিটিউট।

(ওএস/এএস/নভেম্বর ২৩, ২০২৬)