ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

কালুখালীতে শেখ সোহেল রানা টিপু, নিষিদ্ধ আওয়ামীলীগের আট চেয়ারম্যানের ও কর্মীদের নামে মামলা

২০২৬ নভেম্বর ২৪ ১৮:১৪:০৬
কালুখালীতে শেখ সোহেল রানা টিপু, নিষিদ্ধ আওয়ামীলীগের আট চেয়ারম্যানের ও কর্মীদের নামে মামলা

এ,কে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর কালুখালীতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও গুলিবর্ষণের অভিযোগে আওয়ামী লীগের ৬৩ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

গত রবিবার রাতে কালুখালী থানায় মামলাটি দায়ের করেন কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের কলকলিয়া গ্রামের হারেজ আলীর ছেলে মো. আক্কেল আলী।

মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সোহেল রানা টিপু, মৃগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কালুখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, কালুখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কালিকাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান নবাব, কালুখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম, বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বহরপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিমসহ ৬৩ জন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১৮ নভেম্বর রাত সাড়ে ১২টার দিকে আক্কেল আলীসহ পাঁচজন আত্মীয়ের বাড়ি থেকে দাওয়াত খেয়ে ফেরার পথে কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের শিকজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে সড়কের ওপর রশি টাঙিয়ে তাঁদের পথরোধ করা হয়। এ সময় অভিযুক্তরা ককটেল, পিস্তল, হকিস্টিক, লোহার রড ও রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে সেখানে অবস্থান করছিলেন।

অভিযোগে আরও বলা হয়, গাড়ি থামিয়ে রশি খুলতে গেলে তাঁদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। একপর্যায়ে আমিরুল, সবুজ ও সুলতান মিলে তিনটি মোটরসাইকেল ভাঙচুর করেন এবং লাইটার দিয়ে সেগুলোতে আগুন ধরিয়ে দেন। প্রাণভয়ে দৌড়ে পালানোর সময় তাঁদের লক্ষ্য করে গুলিও চালানো হয়। পরে অভিযুক্তরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

এ বিষয়ে কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, মামলাটি নথিভুক্ত করা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

(একে/এএস/নভেম্বর ২৪, ২০২৬)