প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
নবগঙ্গায় গোসল করতে গিয়ে নিখোঁজ, ৫ দিন পর ভেসে উঠল বৃদ্ধার মরদেহ
২০২৬ নভেম্বর ২৪ ১৮:৪৯:৫০
রূপক মুখার্জি, নড়াইল :নড়াইলের লোহাগড়া উপজেলায় নবগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া খদেজা বেগম (৮৫) নামে এক বৃদ্ধার মরদেহ ৫ দিন পর উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার নবগঙ্গা নদীর খলিসাখালি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত খদেজা বেগম লোহাগড়া পৌরসভার গোপিনাথপুর গ্রামের মৃত আক্কাস মালির স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে পৌরসভার সি.এম.বি ব্রিজের পাশে নবগঙ্গা নদীতে গোসল করতে যান বৃদ্ধা খদেজা বেগম। পানিতে নেমে আর উপরে ওঠেননি। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেন। পরে লোহাগড়া ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে খুলনা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার খলিসাখালি এলাকায় নবগঙ্গা নদীতে স্থানীয় লোকজন মরদেহটি ভাসতে দেখেন। পরে লোহাগড়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
(আরএম/এএস/নভেম্বর ২৪, ২০২৬)
