ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

প্রচ্ছদ » জাতীয় » বিস্তারিত

তিন লাখ ছাত্রীকে সাইকেল দেবে সরকার

২০২৬ নভেম্বর ২৫ ১৪:৪১:৩৪
তিন লাখ ছাত্রীকে সাইকেল দেবে সরকার

স্টাফ রিপোর্টার : দেশের ২০ হাজার বালিকা বিদ্যালয়ের তিন লাখ মেধাবী ছাত্রীর মধ্যে বিতরণের জন্য আনা বাইসাইকেল চালিয়ে পরখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৫ নভেম্বর) সকালে সচিবালয়ে পৌঁছে দিনের কর্মসূচির শুরুতেই তিনি কিছুক্ষণ সাইকেল চালান এবং এগুলোর মান ও কার্যকারিতা যাচাই করেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্র জানায়, সকালে গুলশানের বাসা থেকে সচিবালয়ে পৌঁছানোর পর ছাত্রীদের মধ্যে বিতরণের জন্য আনা বাইসাইকেলগুলো পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় একটি বাইসাইকেল নিজেই চালিয়ে দেখেন তিনি।

দেশের ২০ হাজার বালিকা বিদ্যালয়ের তিন লাখ ছাত্রীর মধ্যে এসব বাইসাইকেল বিতরণের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে পর্যায়ক্রমে এসব সাইকেল বিতরণ করা হবে। মেয়েদের পড়ালেখায় আরো উৎসাহিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে বাইসাইকেল বিতরণের সংখ্যা বাড়ানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বাইসাইকেল পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন- জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

(ওএস/এএস/নভেম্বর ২৫, ২০২৬)