ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

প্রচ্ছদ » খেলা » বিস্তারিত

আইপিএলে ফিরছেন বেন স্টোকস, নিলেন সর্বোচ্চ ভিত্তিমূল্য

২০২৬ নভেম্বর ২৫ ১৬:২৭:৪১
আইপিএলে ফিরছেন বেন স্টোকস, নিলেন সর্বোচ্চ ভিত্তিমূল্য

স্পোর্টস ডেস্ক : দুই বছর পর আবারও আইপিএলে ফিরে আসছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বেন স্টোকস। এ লক্ষ্যে নিলামে নাম লিখিয়েছেন তিনি। ২০২৫ সালের মেগা নিলামে নাম না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া এই অলরাউন্ডার এবার ২০২৭ সালের নিলামের জন্য নিবন্ধন করেছেন। সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপি নির্ধারণ করেছেন তিনি। আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় অনুষ্ঠিত হবে এই নিলাম।

মঙ্গলবার ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে আইপিএল কর্তৃপক্ষ যে দীর্ঘ তালিকা পাঠিয়েছে, তাতে স্টোকসসহ ৩০ জন ক্রিকেটারের ভিত্তিমূল্য ২ কোটি রুপি। ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফোর হাতে এসেছে তালিকাটি।

২০২৫ সালের মেগা নিলামের আগে আইপিএলে একটি নিয়ম চালু করা হয়েছিল। সেই নিয়ম অনুযায়ী, আগে আইপিএলে খেলা কোনো ক্রিকেটার মেগা নিলামে নাম নিবন্ধন না করলে পরবর্তী মিনি নিলামে অংশ নিতে পারবেন না। ফলে ২০২৫ সালের মেগা নিলামে নাম না দেওয়া স্টোকসের জন্য ২০২৭ সালের নিলামের আগে অংশ নেওয়ার সুযোগ ছিল না।

২০২৫ সালের মেগা নিলামে নাম না লেখানো উল্লেখযোগ্য ক্রিকেটারদের একজন ছিলেন স্টোকস। তখন ইংল্যান্ডের হয়ে ক্যারিয়ার দীর্ঘায়িত করার দিকে মনোযোগ দিতে চেয়েছিলেন তিনি। ২০২৬ সালের গ্রীষ্মে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া স্টোকস ২০২৪ সালের দ্য হান্ড্রেডের পর আর কোনো টি-টোয়েন্টি ম্যাচ খেলেননি। ওই টুর্নামেন্টে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন তিনি।

২০২৫ সালের শুরুতে এমআই কেপটাউনের হয়ে এসএ২০ টুর্নামেন্টে খেলার কথা ছিল তার। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে আবারও হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ায় টুর্নামেন্ট থেকে ছিটকে যান।

আইপিএলে এখন পর্যন্ত তিনটি দলের হয়ে খেলেছেন স্টোকস। সর্বশেষ ২০২৩ সালে খেলেছেন চেন্নাই সুপার কিংসের হয়ে। ২০১৭ সালে রাইজিং পুনে সুপারজায়ান্টস তাকে ১৪ কোটি ৫০ লাখ রুপিতে কিনেছিল। তখন আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার ছিলেন তিনি। ২০২৩ সালে চেন্নাই তাকে দলে নেয় ১৬ কোটি ২৫ লাখ রুপিতে। তবে হাঁটুর সমস্যার কারণে সেবার মাত্র দুটি ম্যাচ খেলতে পেরেছিলেন এই অলরাউন্ডার।

গত সেপ্টেম্বরে বিগ ব্যাশ লিগের দল অ্যাডিলেড স্ট্রাইকার্সের সঙ্গে চুক্তি করেন স্টোকস। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, তাঁর চুক্তির পরিমাণ প্রায় পাঁচ লাখ অস্ট্রেলিয়ান ডলার।

আইপিএলের প্রাথমিক দীর্ঘ তালিকায় জায়গা পেয়েছেন মোট ১ হাজার ২২০ জন ক্রিকেটার। ১ ডিসেম্বরের মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের সংক্ষিপ্ত তালিকা জমা দেবে। পাশাপাশি নতুন কোনো ক্রিকেটারকে বিবেচনায় নেওয়ার জন্য মনোনয়ন দেওয়ার সুযোগও থাকবে তাদের। এরপর নিলামের প্রায় এক সপ্তাহ আগে চূড়ান্ত তালিকা ও ক্রিকেটারদের সেট প্রকাশ করবে আইপিএল কর্তৃপক্ষ।

দীর্ঘ তালিকায় ভারতের জাতীয় দলের হয়ে খেলা ১৪ জন ক্রিকেটার রয়েছেন। তাদের মধ্যে আছেন আবেশ খান ও দীপক চাহার। অন্য ১২ জন হলেন আকাশ দীপ, জয়দেব উনাদকাট, দিপক হুদা, করুণ নায়ার, কুলদীপ সেন, মায়াঙ্ক আগারওয়াল, রাহুল ত্রিপাঠি, সারাংশ জৈন, শিবাম মাভি, তুষার দেশপান্ডে, উমেশ যাদব ও উমরান মালিক।

সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপি নির্ধারণ করা ৩০ ক্রিকেটারের মধ্যে ভারতীয় মাত্র দুজন- আবেশ খান ও দীপক চাহার। তাদের সঙ্গে আছেন স্টোকস। এই তালিকার অন্য ক্রিকেটারদের মধ্যে রয়েছেন ফজলহক ফারুকি, মুজিব উর রহমান, রহমানউল্লাহ গুরবাজ, ডেভিড ওয়ার্নার, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, ঝাই রিচার্ডসন, মাহলি বিয়ার্ডম্যান, স্পেনসার জনসন, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, সনি বেকার, টম কারান, অ্যাডাম মিলনে, বেন সিয়ার্স, বেভন জ্যাকবস, ড্যারিল মিচেল, ডেভন কনওয়ে, রাচিন রাবিন্দ্র, ট্রেন্ট বোল্ট, উইলিয়াম ও’রুর্ক, অ্যানরিখ নরকিয়া, জেরাল্ড কোয়েৎজি, মাথিশা পাথিরানা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, শাই হোপ ও শিমরন হেটমায়ার।

পরের ধাপের ভিত্তিমূল্য ১ কোটি ৫০ লাখ রুপি নির্ধারণ করেছেন আল্লাহ গজনফর, ড্যানিয়েল স্যামস, রাইলি মেরেডিথ, ডেভিড উইজ, রাসি ফন ডার ডুসেন, জাইডেন সিলস ও কিমো পল।

আনক্যাপড শ্রেণিতে নাম লিখিয়েছেন ইশান্ত
ভারতের সাবেক পেসার ইশান্ত শর্মা এবার আনক্যাপড ক্রিকেটারদের তালিকায় নাম লিখিয়েছেন। গত কয়েক বছর গুজরাট টাইটানসের হয়ে খেলা এই পেসার পাঁচ বছরের বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি। সর্বশেষ ২০২১ সালের নভেম্বরে ভারতের হয়ে খেলেছিলেন তিনি।

ইশান্ত ছাড়াও আনক্যাপড শ্রেণিতে নাম দিয়েছেন সন্দিপ ওয়ারিয়র, চেতন সাকারিয়া, নবদিপ সাইনি, নিতিশ রানা, মায়াঙ্ক মারকান্ডে ও মানদীপ সিং। তাদের মধ্যে সন্দীপ, চেতন, নবদীপ ও নীতিশ সর্বশেষ ২০২১ সালের জুলাইয়ে ভারতের হয়ে খেলেছেন। মায়াঙ্কের আন্তর্জাতিক অভিষেকের পর সর্বশেষ ম্যাচটি ছিল ২০১৯ সালের ফেব্রুয়ারিতে, আর মানদীপ ভারতের হয়ে খেলেছেন ২০১৬ সালের জুনে।

সব মিলিয়ে পূর্ণ সদস্য দেশের ১৮৪ জন এবং সাতটি সহযোগী দেশের ৪২ জন ক্রিকেটার এই দীর্ঘ তালিকায় রয়েছেন। সহযোগী দেশগুলোর মধ্যে জাপানের বেঞ্জামিন ইতো-ডেভিস ও চার্লি হারা-হিনজেও আছেন।

আইপিএলের তালিকায় ১১ বাংলাদেশি, অনিশ্চয়তা কাটেনি
২০২৭ সালের আইপিএল নিলামের দীর্ঘ তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের ১১ ক্রিকেটার। তারা হলেন হাসান মাহমুদ, পারভেজ হোসেন ইমন, রিপন মণ্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও তাওহিদ হৃদয়।

তবে তালিকায় বাংলাদেশি ক্রিকেটারদের উপস্থিতি নিয়ে তৈরি হয়েছে কৌতূহল। কারণ, ২০২৭ সালের আইপিএলে বাংলাদেশের ক্রিকেটারদের খেলার অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোকে এখনো কোনো তথ্য দেওয়া হয়নি বলে জানা গেছে।

এর আগে ২০২৬ সালের আইপিএল মৌসুমের আগে কলকাতা নাইট রাইডার্সকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

বিসিসিআইয়ের সচিব দেবজিত সাইকিয়া মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার নির্দিষ্ট কারণ জানাননি। শুধু ‘সাম্প্রতিক পরিস্থিতির’ কথা বলেছিলেন তিনি। সাম্প্রতিক বছরগুলোতে ভারত ও বাংলাদেশের মধ্যে ভূরাজনৈতিক পরিস্থিতির দিকে ইঙ্গিত করে থাকতে পারে তার সেই বক্তব্য।

ফলে নিলামের দীর্ঘ তালিকায় নাম থাকলেও আগামী আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি।

(ওএস/এএস/নভেম্বর ২৫, ২০২৬)