প্রচ্ছদ » খেলা » বিস্তারিত
আইপিএলের নিলাম থেকে বাদ পড়লেন সাকিব-মুস্তাফিজ
২০২৬ নভেম্বর ২৫ ১৬:৩৬:১৭
স্পোর্টস ডেস্ক : আইপিএল ঘিরে মোস্তাফিজুর রহমানকে নিয়ে যে আলোচনা চলছিল, আপাতত তার অবসান হলো। আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠেয় আইপিএলের ২০২৭ মৌসুমের নিলামের প্রাথমিক তালিকায় জায়গা হয়নি বাংলাদেশের বাঁহাতি পেসারের। তালিকায় নেই সাকিব আল হাসানের নামও। তবে সেই তালিকায় আছেন ১২ জন বাংলাদেশির নাম!
মোস্তাফিজের অনুপস্থিতি অবশ্য সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে। গত মৌসুমের নিলামে তাকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। কিন্তু পরে বিসিসিআইয়ের নির্দেশে তাকে ছেড়ে দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি। সেই সিদ্ধান্ত ঘিরে বাংলাদেশ-ভারত ক্রিকেট সম্পর্কে তৈরি হয় নতুন করে উত্তেজনা। নিরাপত্তাশঙ্কার কথা জানিয়ে ভারত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নেওয়ার দাবি তোলে বাংলাদেশ। শেষ পর্যন্ত বিশ্বকাপেও অংশ নেয়নি দলটি।
এবারের নিলামের প্রাথমিক তালিকায় জায়গা না পাওয়ায় আইপিএলে মোস্তাফিজের খেলার সম্ভাবনা আপাতত অনিশ্চিত হয়ে পড়েছে। তবে তার নাম কেন তালিকায় নেই, সে বিষয়ে বিসিসিআই বা মোস্তাফিজের পক্ষ থেকে কোনো কারণ জানানো হয়নি।
ক্রিকেট পোর্টাল ক্রিকবাজ জানিয়েছে, নিলামের জন্য নিবন্ধন করা ১ হাজার ২২০ ক্রিকেটারের তালিকা ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সেই তালিকায় বাংলাদেশের ১২ ক্রিকেটারের নাম রয়েছে। তারা হলেন তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, পারভেজ হোসেন ইমন, রিপন মণ্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, তাওহিদ হৃদয় ও মো. রুবেল।
সব মিলিয়ে ১ হাজার ২২০ ক্রিকেটারের মধ্যে ৯৩৯ জন ভারতীয় এবং ২৮১ জন বিদেশি। নিলামে ১০টি ফ্র্যাঞ্চাইজির জন্য সর্বোচ্চ ৬৬টি জায়গা খালি রয়েছে। এর মধ্যে বিদেশি ক্রিকেটারদের জন্য বরাদ্দ ২৫টি। আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় অনুষ্ঠিত হবে এবারের নিলাম।
(ওএস/এএস/নভেম্বর ২৫, ২০২৬)
