ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

প্রচ্ছদ » মুক্তচিন্তা » বিস্তারিত

১৬ ডিসেম্বর শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন: ভূ-রাজনৈতিক সমীকরণ

২০২৬ নভেম্বর ২৫ ১৭:১৯:২৩
১৬ ডিসেম্বর শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন: ভূ-রাজনৈতিক সমীকরণ

সাখাওয়াত নয়ন


১৬ ডিসেম্বর কি সত্যিই শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন? যদি আসেন, কীভাবে আসবেন? তাঁর প্রত্যাবর্তন কি নিছক একটি রাজনৈতিক আকাঙ্ক্ষা, নাকি এর নেপথ্যে রয়েছে বৃহত্তর কোনো ভূ-রাজনৈতিক সমীকরণ?

বাংলাদেশ সরকারের বিমানে দিল্লি থেকে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের আকাঙ্ক্ষার খবর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। বিদ্যমান রাজনৈতিক ও আইনি বাস্তবতায় এমন প্রত্যাবর্তন আদৌ কি সম্ভব?

ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে এ বিষয়ে সমঝোতা হলে প্রত্যাবর্তনের কূটনৈতিক পথ অনেকটাই সহজ হতে পারে। তবে বাংলাদেশের সরকারের অবস্থানও এখানে গুরুত্বপূর্ণ। মূল প্রশ্ন হচ্ছে, ভারত ও যুক্তরাষ্ট্র কি শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন চায়?

চায় কি না, সেটি নিশ্চয়ই কোনো রাষ্ট্র সরাসরি আমাদের জানাবে না। আন্তর্জাতিক রাজনীতিতে রাষ্ট্রের অভিপ্রায় সব সময় প্রকাশ্য বিবৃতির মাধ্যমে বোঝা যায় না। বরং বিভিন্ন কূটনৈতিক বক্তব্য, রাজনৈতিক ঘটনাপ্রবাহ এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর আচরণ বিশ্লেষণ করে সম্ভাব্য সমীকরণ অনুধাবনের চেষ্টা করতে হয়। সেই দৃষ্টিকোণ থেকে সাম্প্রতিক কয়েকটি ঘটনা পর্যালোচনা করা যেতে পারে। তার (১) ২৩ নভেম্বর আন্তর্জাতিক সংবাদমাধ্যমে চীন থেকে বাংলাদেশের মোংলা বন্দরের উদ্দেশে যাত্রা করা একটি জাহাজ ইন্দোনেশিয়ায় আটকের খবর প্রকাশিত হয়েছে। প্রকাশিত খবর অনুযায়ী, জাহাজটিতে বিপুল পরিমাণ (৪০৫ টন) রাসায়নিক পদার্থ ছিল, যা দিয়ে ১০০টি ক্ষেপনাস্ত্র তৈরি করা যাবে।

প্রশ্ন হচ্ছে, জাহাজটি কীভাবে ইন্দোনেশিয়ার নজরদারিতে এলো? কোনো বিদেশি গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে, নাকি ইন্দোনেশিয়ার নিজস্ব সামুদ্রিক নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে জাহাজটি শনাক্ত করা হয়েছে? ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের ভূ-কৌশলগত স্বার্থ ও আধিপত্য বিস্তারের প্রতিযোগিতা রয়েছে। বাংলাদেশের সঙ্গে চীনের সামরিক সহযোগিতাও এই ভূ-রাজনৈতিক প্রতিযোগিতার বাইরে নয়। যদি এই জাহাজ আটকের পেছনে ভারত কিংবা যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তৎপরতা অথবা উভয় দেশের যৌথ সহযোগিতা থেকে থাকে, তাহলে সেটি আঞ্চলিক নিরাপত্তার প্রশ্নে ওয়াশিংটন ও নয়াদিল্লির মধ্যকার বোঝাপড়ার একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হতে পারে। তবে এমন সহযোগিতার প্রত্যক্ষ প্রমাণ এখনো প্রতিষ্ঠিত নয়। শেখ হাসিনার প্রত্যাবর্তনের সঙ্গে এই ঘটনার কোনো পরোক্ষ যোগসূত্র রয়েছে কি না, সেটিও অনুসন্ধানের বিষয়।

(২) বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সেই বক্তব্যটি আলোচনা করা যাক। তাঁর বক্তব্যের সারকথা হিসেবে প্রচারিত হয়েছে যে, ২০২৪ সালের ৫ আগস্ট ভারত সরকার কিংবা ভারতীয় সামরিক বাহিনী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে নিয়ে যায় নি; বরং বাংলাদেশের সামরিক বাহিনীর সদস্যরাই তাঁকে ভারতে পৌঁছে দিয়েছিলেন।

দ্বিতীয়ত, ১৩ নভেম্বর বিবিসি বাংলার বরাতে প্রকাশিত সংবাদে শেখ হাসিনাকে ফেরত নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের সামরিক বাহিনীর সম্পৃক্ততা এবং তাঁর আপিল ও পুন:বিচারের সুযোগ নিশ্চিত করার বিষয়ে ভারতের সম্ভাব্য শর্তের কথা উঠে এসেছে।

তৃতীয়ত, এর মাত্র এগারো দিন পর, আজ (২৪ নভেম্বর) রয়টার্সের প্রতিবেদনে জানা গেল, শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশ সরকারের ব্যবস্থাপনায় বিমানে করে স্বদেশ প্রত্যাবর্তন করতে চান। তাঁর মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর বক্তব্য অনুযায়ী, যেহেতু বাংলাদেশের ব্যবস্থাপনায় তাঁকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল, সেহেতু তাঁর প্রত্যাবর্তনের ব্যবস্থা করার দায়িত্বও বাংলাদেশ সরকারের।লক্ষণীয়, তিনটি বক্তব্যের মধ্যে একটি বিষয়ে মিল রয়েছে। শেখ হাসিনার প্রত্যাবর্তনে বাংলাদেশ রাষ্ট্রের প্রত্যক্ষ সম্পৃক্ততা। বক্তব্যগুলোর ধারাবাহিকতা কি নিছক কাকতালীয়? নাকি এর মধ্য দিয়ে সম্ভাব্য কোনো কূটনৈতিক সমাধানের কাঠামো সামনে আসছে? যার মূল উৎস ও প্রেক্ষাপট যাচাই করা গেলে বিষয়টি আরও স্পষ্ট হতে পারে।

(৩) গত জুন-জুলাই থেকে শেখ হাসিনা বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে তাঁর স্বদেশ প্রত্যাবর্তনের পরিকল্পনার কথা বলে আসছেন। কিন্তু এতদিন তাঁর বক্তব্যে প্রত্যাবর্তনের আকাঙ্ক্ষা প্রাধান্য পেলেও এবার যুক্ত হয়েছে দুটি সুনির্দিষ্ট বিষয় (ক) প্রত্যাবর্তনের তারিখ এবং (খ) প্রত্যাবর্তনের মাধ্যম (রাষ্ট্রীয় বিমান)।

রাজনৈতিক যোগাযোগের দৃষ্টিকোণ থেকে এই পরিবর্তন তাৎপর্যপূর্ণ। সাধারণ আকাঙ্ক্ষা থেকে সুনির্দিষ্ট তারিখ, বাহন ও পদ্ধতি উল্লেখ করার বিষয়টি কি একটি পরিকল্পিত রাজনৈতিক যোগাযোগ কৌশলের অংশ? নাকি পরিবর্তিত কূটনৈতিক পরিস্থিতির প্রতিফলন? ১৬ ডিসেম্বরকে প্রত্যাবর্তনের সম্ভাব্য দিন হিসেবে বেছে নেওয়ার মধ্যেও রয়েছে বিশেষ ঐতিহাসিক ও রাজনৈতিক তাৎপর্য। বাংলাদেশের মহান বিজয় দিবসে বঙ্গবন্ধুকন্যার স্বদেশ প্রত্যাবর্তনের আকাঙ্ক্ষা একটি শক্তিশালী প্রতীকী রাজনৈতিক বার্তা বহন করে।

(৪) সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রকাশ্য তৎপরতা, সংঘর্ষ এবং থানা অগ্নিসংযোগের অভিযোগও এই আলোচনায় বিবেচনার দাবি রাখে। বিশেষ করে, এত বড় ধরনের সংঘাতের পরও পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি বলে যে দাবি উঠেছে, তা সত্য হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। এটি কি সংঘাত ও প্রাণহানি এড়ানোর প্রশাসনিক কৌশল? স্থানীয় পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষমতার সীমাবদ্ধতা? নাকি উচ্চপর্যায় থেকে কোনো বিশেষ নির্দেশনা ছিল? গোপালগঞ্জের ঘটনাপ্রবাহকে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটে বিশ্লেষণ করা যেতে পারে। নিশ্চয়ই এখানে চিন্তার অবকাশ আছে।

(৫) ধরে নিলাম, উপরের ঘটনাগুলোর পারস্পরিক মিল কেবলই কাকতালীয়। তারপরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে যায়। শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে বর্তমান সরকারের বিভিন্ন মন্ত্রী ও সংসদ সদস্য নানা ধরনের বক্তব্য দিচ্ছেন। অথচ এই সুনির্দিষ্ট প্রত্যাবর্তন পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি কিছুই বলেননি। প্রধানমন্ত্রীর এই আপাত নীরবতার কারণ কী? এটি কি কূটনৈতিক সতর্কতা? সরকারের অভ্যন্তরীণ দায়িত্ববণ্টন? রাজনৈতিক কৌশল? নাকি পর্দার আড়ালে কোনো আলোচনা চলছে?

রাজনীতিতে সব বার্তা শব্দের মাধ্যমে প্রকাশিত হয় না; কখনো কখনো নীরবতাও রাজনৈতিক যোগাযোগের একটি মাধ্যম হয়ে ওঠে। ফলে এই নীরবতার রাজনৈতিক তাৎপর্য অনুসন্ধানের সুযোগ রয়েছে। তবে নীরবতা নিজেই হতে পারে কোনো গোপন সমঝোতার প্রমাণ? অথবা না।

পুনশ্চ:-ইন্দোনেশিয়ায় জাহাজ আটক, ভারতীয় হাইকমিশনারের আলোচিত বক্তব্য, বিবিসির প্রতিবেদনে ভারতের সম্ভাব্য শর্ত, রয়টার্সের মাধ্যমে শেখ হাসিনার প্রত্যাবর্তনের সুনির্দিষ্ট তারিখ ও পদ্ধতি প্রকাশ, গোপালগঞ্জের ঘটনাপ্রবাহ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের আপা ত নীরবতা—সবকিছু মিলিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে। ঘটনাগুলো কি পরস্পর বিচ্ছিন্ন, নাকি এগুলোর নেপথ্যে রয়েছে কোনো অভিন্ন ভূরাজনৈতিক সমীকরণ? ঢাকা, দিল্লি ও ওয়াশিংটনের মধ্যে কি বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কোনো নতুন বোঝাপড়া তৈরি হচ্ছে?

লেখক : রাজনৈতিক বিশ্লেষক, শিক্ষক, ইউনিভার্সিটি অফ নটরডেম অস্ট্রেলিয়া।