প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
নন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ
২০২৬ নভেম্বর ২৫ ১৭:৫০:৪১
এটিএম রাশেদুল ইসলাম, বগুড়া : বগুড়ায় নন্দীগ্রাম উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের সামনে থাকা কয়েকটি ফেস্টুন ও ব্যানার পুড়ে গেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে যেকোনো সময় নন্দীগ্রাম ফিলিং স্টেশন এলাকায় অবস্থিত উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, দুই থেকে তিনজন অজ্ঞাতপরিচয় যুবক বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আগুন দিচ্ছেন। এতে কার্যালয়ের সামনে থাকা কয়েকটি দলীয় ফেস্টুন ও ব্যানার পুড়ে যায়।
বুধবার (২৫ নভেম্বর) সকাল দশটার দিকে উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করে নন্দীগ্রাম থানা পুলিশ।
এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার বলেন, সারাদেশে আওয়ামী লীগ আগুন সন্ত্রাস শুরু করেছে। গত রাতে নন্দীগ্রামে দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আগুন দিয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
(এআরআই/এসপি/নভেম্বর ২৫, ২০২৬)
