ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

প্রচ্ছদ » স্বাস্থ্য » বিস্তারিত

দরপত্র ছাড়াই ইউনিসেফ থেকে কেনা হবে ইপিআই টিকা

২০২৬ নভেম্বর ২৬ ১৪:১৩:৪০
দরপত্র ছাড়াই ইউনিসেফ থেকে কেনা হবে ইপিআই টিকা

স্টাফ রিপোর্টার : ২০২৬-২৭ অর্থবছরে মাঠপর্যায়ে টিকার সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে জাতিসংঘের শিশু তহবিলের (ইউনিসেফ) মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) ছয় মাসের টিকা কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় ছয় মাসের পাঁচ ধরনের টিকা কিনতে ৫৩৫ কোটি ৭৫ লাখ ৫০ হাজার টাকা ব্যয় হবে।

বুধবার (২৫ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অর্থ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্যসেবা বিভাগের প্রস্তাবে বলা হয়েছে, নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে মাঠপর্যায়ে ইপিআই কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে চালু রাখা প্রয়োজন। এজন্য ২০২৬-২৭ অর্থবছরে বিদ্যমান মজুতের অতিরিক্ত ছয় মাসের পাঁচ ধরনের টিকা জরুরিভিত্তিতে কেনা প্রয়োজন।

প্রস্তাবে আরও বলা হয়, উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে টিকা সরবরাহ করতে তুলনামূলক বেশি সময় লাগে। পাশাপাশি খোলাবাজারে প্রয়োজনীয় সংখ্যক টিকা পাওয়া যায় না এবং ভ্যাকসিনের গুণগত মান বজায় রাখাও সম্ভব হয় না। এ পরিস্থিতিতে ইপিআই কার্যক্রম অব্যাহত রাখতে ইউনিসেফের মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে টিকা কেনার নীতিগত অনুমোদন চাওয়া হয়।

প্রস্তাব অনুযায়ী, পাঁচ ধরনের টিকার মধ্যে রয়েছে বিসিজি, এমআর, বিওপিভি, পেন্টাভ্যালেন্ট ও পিসিভি। এর মধ্যে বিসিজি টিকার পরিমাণ ৭ লাখ ৮০ হাজার ভায়াল, এমআর ১১ লাখ ৯০ হাজার ভায়াল, বিওপিভি ৭ লাখ ৫০ হাজার ভায়াল, পেন্টাভ্যালেন্ট ৬১ লাখ ২০ হাজার ভায়াল এবং পিসিভি ১৫ লাখ ৯০ হাজার ভায়াল।

টিকা কেনার সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৫৩৫ কোটি ৭৫ লাখ ৫০ হাজার টাকা। অর্থায়নের উৎস হিসেবে উল্লেখ করা হয়েছে সরকারি তহবিল (জিওবি)।

স্বাস্থ্য অধিদপ্তর প্রস্তাবটি বাস্তবায়ন করবে। সরকারের নীতিগত অনুমোদনের ফলে ইউনিসেফের মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে এসব টিকা সংগ্রহের পরবর্তী প্রক্রিয়া এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হলো।

ইপিআই কর্মসূচির আওতায় মাঠপর্যায়ে নারী ও শিশুদের নিয়মিত টিকাদান কার্যক্রম পরিচালিত হয়। এ কর্মসূচিতে টিকার সরবরাহে বিঘ্ন ঘটলে নির্ধারিত সময়ে শিশুদের টিকা দেওয়া ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। তাই বিদ্যমান মজুতের পাশাপাশি অতিরিক্ত ছয় মাসের টিকা সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।

(ওএস/এএস/নভেম্বর ২৬, ২০২৬)