প্রচ্ছদ » আইন আদালত » বিস্তারিত
‘জ্বালাও পোড়াও করে আ. লীগ তাদের চরিত্রে ফিরেছে’
২০২৬ নভেম্বর ২৬ ১৪:৩৫:১৪
স্টাফ রিপোর্টার : অগ্নিসন্ত্রাসকে আওয়ামী লীগের মূল চরিত্র আখ্যা দিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, দলটির কার্যক্রম নিষিদ্ধ করে সরকার কোনো ভুল করেনি তা তারা নিজেরাই তাদের কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করেছে। জ্বালাও পোড়াও করে তারা তাদের চরিত্রে ফিরে এসেছে।
আজ বৃহস্পতিবার সকালে ঝিনাইদহের শৈলকুপা সরকারি কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সব ধরনের অপরাধের বিচার করতে সরকার বদ্ধপরিকর। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
মুসলিম উত্তরাধিকার আইন সংশোধন হবে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, উত্তরাধিকার আইন সংশোধন হবে না। পবিত্র কোরআনের বিধান অনুযায়ী যেভাবে ছিল উত্তরাধিকার আইন সেভাবেই চলবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ, জেলা প্রশাসক নোমান হাসান, পুলিশ সুপার আসিস বিন হাসানসহ স্থানীয় বিএনপির ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
(ওএস/এএস/নভেম্বর ২৬, ২০২৬)
