প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
ফরিদপুরে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
২০২৬ নভেম্বর ২৬ ১৮:২৫:৪৪
রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরে সদর উপজেলা এলাকায় প্রায় ৬ লক্ষ টাকা মূল্যমানের ১৯৬০ পিস ইয়াবা’সহ হাসিনা বেগম শ্রাবন্তী (২৭), শান্তা আক্তার (২৫), জামাল ফকির (৫০) ও মো. শুভ ফকির (২২) নামে ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০।
আজ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০ মিডিয়া বিভাগের সহকারি পরিচালক ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার উত্তরাধিকার ৭১ নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
এসআরবি জানায়, এ অভিযানে ১৯৬০ (এক হাজার নয়শত ষাট) পিস ইয়াবা, যার আনুমানিক বাজার মূল্য ৫,৮৮,০০০/- (পাঁচ লক্ষ আটাশি হাজার টাকা), সহ ০৪ জনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের নাম ১। হাসিনা বেগম শ্রাবন্তী (২৭), স্বামী- মোঃ সোহেল রানা, সাং- হাবির ছড়া, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার, ২। শান্তা আক্তার (২৫), পিতা- জামাল ফকির, ৩। জামাল ফকির (৫০), পিতা-মৃত ওসমান ফকির এবং ৪। মোঃ শুভ ফকির (২২), পিতা-জামাল ফকির, সর্ব সাং- শোভারামপুর, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর বলে জানা যায়। এসময় তাদের নিকট হতে মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ১৫,৭০০/- (পনেরো হাজার সাতশত টাকা) উদ্ধার করা হয়।
এসআরবি আরও জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবা’সহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহপূর্বক ফরিদপুর জেলার কোতয়ালী’সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
এছাড়া, উদ্ধারকৃত মাদকসহ গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে এসআরবি।
(আরআর/এসপি/নভেম্বর ২৬, ২০২৬)
