প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
ফরিদপুরে ফেসবুকে পোস্ট করে বিএনপি নেতার পদত্যাগ
২০২৬ নভেম্বর ২৬ ১৮:৪৪:০৯
রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলা বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক বোরহান মাহমুদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে পদত্যাগ করেছেন। গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে বোরহান তার ব্যবহৃত ব্যক্তিগত ফেসবুক পোস্টে এ ঘোষণা দেন।
নিজের ফেসবুক আইডিতে ব্যক্তিগত ছবি সংযুক্ত করে স্বেচ্ছায় পদত্যাগের একটি ফটোকার্ড প্রকাশ করে ক্যাপশনে এ বিএপনি নেতা নিখেন-বড় লেভেলে খেলার ইচ্ছা, উপজেলার পদ না থাকলেও চলবে'।
তাঁর এমন ফেসবুক পোস্ট ঘিরে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বিশেষ করে ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ মন্তব্যটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
এর আগে, এ বিএনপি নেতার মব সন্ত্রাস ও বেপোরয়া চাঁদাবাজির কারণে উপজেলার বিএনপি'র অনেক শীর্ষ নেতাদের বিব্রত প্রকাশ করতে দেখা গেছে।
ফেসবুক স্টাটাস দিয়ে নিজের পদত্যাগের বিষয়ে বোরহান মাহমুদ মুঠোফোনে জানান, ‘আমি স্বেচ্ছায় দলীয় পদ থেকে পদত্যাগ করেছি। আওয়ামী লীগের নেতা দাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেনকে আটক করে অবরুদ্ধ করার ঘটনাকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমাকে মবকারী আখ্যা দিয়েছেন। এতে ক্ষুব্ধ হয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। দলে না থেকেও বিএনপির জন্য আজীবন নিঃস্বার্থভাবে কাজ করে যাব। যারা বিএনপির আদর্শকে ভালোবাসেন, তাঁদের পদ-পদবির প্রয়োজন হয় না।’
এদিকে দাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন মুশা বোরহান মাহমুদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছেন। তিনি বলেন, ‘রোববার (২২ নভেম্বর) দুপুরে আমি পরিষদে অফিস করছিলাম। এ সময় বোরহান নামে একটি ছেলে আমাকে হুমকি-ধমকি দেয়। পরে আমি অফিস থেকে বের হয়ে যাই। এর আগে বোরহান মাহমুদ মোটরসাইকেল কেনার জন্য আমার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেছিল। টাকা না দিলে আমাকে চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে দেবে না বলেও হুমকি দিয়েছিল। রোববার সে লোকজন নিয়ে আমার অফিসে এসে মব সৃষ্টি করে।’
বোরহান মাহমুদ কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলামের ব্যক্তিগত সহকারী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এ বিষয়ে খন্দকার নাসিরুল ইসলামের বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘তার যদি যোগ্যতা থাকে, সে বড় লেভেলে খেলবে। উপজেলা থেকে কেন্দ্রীয় কিংবা আন্তর্জাতিক পর্যায়ে সুযোগ পেলে সেখানে যাবে। তবে বর্তমানে তার উচ্ছৃঙ্খল আচরণ দেখা যাচ্ছে। তাতে আমার রাজনীতিই বন্ধ করে দেওয়া দরকার! সে বিভিন্ন স্থানে গিয়ে নানা ধরনের কাজ করছে। সে পদে না থাকলে বিএনপির বড় ধরনের কোনো ক্ষতি হবে না। সে নিজের ইচ্ছায় কাউকে না জানিয়ে এসব করছে। এর দায়ভার দল নেবে না। তার কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।’
এ বিষয়ে বোয়ালমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা বলেন, ‘পদত্যাগের বিষয়ে তাঁর একটি ফেসবুক স্ট্যাটাস দেখেছি। তবে এখনো তিনি সাংগঠনিকভাবে আমাদের কাছে কোনো পদত্যাগপত্র জমা দেননি। কেন তিনি পদত্যাগ করেছেন, সে বিষয়েও আমাদের জানা নেই।’
তিনি আরও বলেন, ‘বর্তমানে তিনি দলীয় নীতিনির্ধারকদের না জানিয়ে নিজের ইচ্ছামতো বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছেন। এর দায়ভার তাঁকেই নিতে হবে। বিএনপির নাম ব্যবহার করে এ ধরনের কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। বোরহান মাহমুদ চেয়ারম্যান মোশাররফ হোসেনের কাছে মোটরসাইকেল কেনার জন্য এক লাখ টাকা দাবি করেছিলেন বলে অভিযোগ রয়েছে। টাকা না দেওয়ায় লোকজন নিয়ে তিনি মব সৃষ্টি করেন। আগামী বৃহস্পতিবার বিএনপির নেতাকর্মীরা বসে বিষয়টি নিয়ে সাংগঠনিক সিদ্ধান্ত নেবেন।’
(আরআর/এসপি/নভেম্বর ২৬, ২০২৬)
