প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
জামালপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
২০২৬ নভেম্বর ২৭ ০০:৩৬:২৪
রাজন্য রুহানি, জামালপুর : দেশে সন্ত্রাস, নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামালপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে করেছে জামায়াতে ইসলামী জেলা শাখার নেতৃবৃন্দ।
২৬ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে শহরের পিটিআই মোড়ে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামী জেলা শাখার নব-র্নিবাচিত আমীর অধ্যক্ষ আ ফ ম নূরুল ইসলামের সভাপতিত্বে ও শহর শাখার আমীর আল ইমরান সুজনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামী জেলা শাখার সহকারি সেক্রেটারি নূরুল হক জামালী, আইনজীবী ছামিউল হক, জামায়াতের মনোনীত জামালপুর পৌরসভার মেয়র প্রার্থী আইনজীবী মুজিবুর রহমান, সদর উপজেলার আমীর মঞ্জুরুল ইসলাম প্রমুখ।
সভাপতির বক্তব্যে আমীর অধ্যক্ষ আ ফ ম নূরুল ইসলাম বলেন, যারা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল, গুম-খুন ও নির্যাতন চালিয়ে রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করেছিল, আজ তারা দেশ থেকে পালিয়ে যাওয়ার গ্লানি সহ্য করতে না পেরে দেশব্যাপী বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এ ধরনের অপতৎপরতা প্রতিহত করতে দল-মত নির্বিশেষে চব্বিশের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানাই।
তিনি আরও বলেন- কেউ যদি কোনো মানুষকে ইচ্ছাপূর্বক হত্যা করে, তার শাস্তি হচ্ছে ফাঁসি। আজকে আমরা দেখতে পাচ্ছি সন্ত্রাসী আওয়ামী লীগ থানা, বাড়িঘর, গাড়ি জ্বালিয়ে দিয়েছে।গোপালগঞ্জকে স্বাধীন ঘোষণা করেছে। বর্তমান সরকারকে জিজ্ঞাসা করতে চাই- কোথায় আপনি থাকেন, কোথায় বসবাস করছেন? বাংলাদেশের একটি জেলাকে স্বাধীনতা ঘোষণা করে, কি করেন আপনি? বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ আর কোনো সন্ত্রাস, নৈরাজ্য জ্বালাও পোড়াও ও ফ্যাসিবাদের কালো ছায়া মেনে নেবে না।
আমীর নূরুল ইসলাম বলেন- দেশে সন্ত্রাস, নাশকতা, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। অথচ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের অভাবে অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জনমনে অসন্তোষ বাড়ছে। অবিলম্বে সন্ত্রাস, নাশকতা ও চাঁদাবাজি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং আইনের আওতায় আনার দাবি জানাই।
পরে পিটিআই মোড় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলায় গিয়ে শেষ হয় মিছিলটি।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে জামায়াতে ইসলামী জেলা ও শহর শাখার বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
(আরআর/এএস/নভেম্বর ২৭, ২০২৬)
