ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

প্রচ্ছদ » মুক্তচিন্তা » বিস্তারিত

ডিজিটাল লেনদেনের বিস্তার, নিরাপত্তার নিশ্চয়তা কোথায়?

২০২৬ নভেম্বর ২৭ ১৯:০৮:২৫
ডিজিটাল লেনদেনের বিস্তার, নিরাপত্তার নিশ্চয়তা কোথায়?

উজ্জ্বল কুমার কুন্ডু


বাংলাদেশ দ্রুত ডিজিটাল আর্থিক ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। একসময় ব্যাংকের শাখায় গিয়ে টাকা জমা, উত্তোলন, বিল পরিশোধ কিংবা অর্থ স্থানান্তর করতে হতো। এখন স্মার্টফোনের কয়েকটি স্পর্শেই এসব কাজ সম্পন্ন করা সম্ভব। মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, কার্ড, কিউআর কোড ও অনলাইন পেমেন্ট মানুষের দৈনন্দিন জীবনকে সহজ করেছে। সময় বাঁচছে, লেনদেনের গতি বাড়ছে, আর্থিক সেবার পরিধি পৌঁছে যাচ্ছে শহর থেকে গ্রাম পর্যন্ত।

ডিজিটাল আর্থিক সেবার এই অগ্রগতি নিঃসন্দেহে ইতিবাচক। কিন্তু প্রযুক্তির সুবিধা যত বাড়ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নিরাপত্তার চ্যালেঞ্জও। মানুষের সঞ্চয়, ব্যবসার মূলধন কিংবা পরিবারের প্রয়োজনীয় অর্থ মুহূর্তের মধ্যে প্রতারণার মাধ্যমে হাতছাড়া হয়ে যাওয়ার ঘটনা এখন আর বিরল নয়। ফলে ডিজিটাল অর্থনীতির সামনে একটি মৌলিক প্রশ্ন দাঁড়িয়েছে—লেনদেনের গতি বাড়ানোর পাশাপাশি মানুষের অর্থের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা কতটা প্রস্তুত?

প্রতারণার পরিসংখ্যান যে সতর্কবার্তা দিচ্ছে

বাংলাদেশ ব্যাংকের Payment Systems Report 2025 অনুযায়ী, ২০২৫ সালে মোবাইল আর্থিক সেবা, চেক ও কার্ড লেনদেন মিলিয়ে মোট ৮১ হাজার ৪২৩টি প্রতারণার ঘটনা রিপোর্ট করা হয়েছে। এসব ঘটনায় আর্থিক ক্ষতির পরিমাণ ছিল ৯২৬ দশমিক ০১ মিলিয়ন টাকা, যা প্রায় ৯২ কোটি ৬০ লাখ টাকা। এর মধ্যে ৮২ কোটি ৭২ লাখ টাকার বেশি উদ্ধার করা সম্ভব হয়নি। অর্থ উদ্ধারের সামগ্রিক হার ছিল মাত্র ১০ দশমিক ৭ শতাংশ।

বিশেষ উদ্বেগের বিষয় হলো, মোবাইল আর্থিক সেবায় প্রতারণার ঘটনা ও আর্থিক ক্ষতির বড় অংশ কেন্দ্রীভূত রয়েছে। দ্রুত অর্থ স্থানান্তর, একাধিক ওয়ালেট ব্যবহার এবং প্রতারণার অর্থ দ্রুত নগদে রূপান্তরের সুযোগ অপরাধীদের সুবিধা করে দিতে পারে। ফলে প্রতারণার শিকার হওয়ার পর অভিযোগ জানাতে দেরি হলে অর্থ উদ্ধারের সম্ভাবনা আরও কমে যায়।

এই পরিসংখ্যান কেবল একটি আর্থিক হিসাব নয়; এটি মানুষের আস্থা, নিরাপত্তা ও আর্থিক ব্যবস্থার বিশ্বাসযোগ্যতার প্রশ্ন। একজন নিম্নআয়ের মানুষের কয়েক হাজার টাকা হারানো, একজন শিক্ষার্থীর সঞ্চয় উধাও হওয়া কিংবা ক্ষুদ্র ব্যবসায়ীর মূলধন প্রতারণার শিকার হওয়া—প্রত্যেকটি ঘটনা সংশ্লিষ্ট পরিবারের জন্য বড় সংকট তৈরি করতে পারে।

ডিজিটাল প্রতারণার ধরনও প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। কখনো ব্যাংক কর্মকর্তা পরিচয়ে ফোন করে হিসাব বন্ধ হয়ে যাওয়ার ভয় দেখানো হয়, কখনো ওটিপি বা পিন সংগ্রহের চেষ্টা করা হয়, কখনো পুরস্কার কিংবা আর্থিক সুবিধার প্রলোভন দেখিয়ে ভুয়া লিংকে প্রবেশ করানো হয়। আবার সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত ব্যক্তির পরিচয় ব্যবহার করে অর্থ চাওয়া কিংবা ভুয়া অ্যাপের মাধ্যমে তথ্য সংগ্রহের ঘটনাও ঘটছে।

প্রতারণার ক্ষেত্রে মানুষের মনস্তত্ত্বকে কাজে লাগানো হচ্ছে। ভয়, লোভ, জরুরি পরিস্থিতি কিংবা বিশ্বাস—এই চারটি বিষয় অনেক সময় অপরাধীদের প্রধান হাতিয়ার হয়ে ওঠে। একজন গ্রাহক হয়তো প্রযুক্তিগতভাবে দক্ষ, কিন্তু হঠাৎ ব্যাংক হিসাব বন্ধ হয়ে যাওয়ার ভয় দেখানো হলে কিংবা জরুরি অর্থ পাঠানোর অনুরোধ পেলে ভুল সিদ্ধান্ত নিতে পারেন।

তাই শুধু “সচেতন হোন” বলে দায় শেষ করা যাবে না। সচেতনতা বাড়াতে হবে সহজ ভাষায়, নিয়মিত এবং মানুষের বাস্তব অভিজ্ঞতার সঙ্গে মিল রেখে। গ্রামাঞ্চলের ক্ষুদ্র ব্যবসায়ী, প্রবীণ নাগরিক, নতুন ডিজিটাল ব্যবহারকারী ও শিক্ষার্থীদের জন্য আলাদা প্রশিক্ষণ ও প্রচারণা প্রয়োজন।

নিরাপত্তা কি শুধু গ্রাহকের দায়িত্ব?

প্রতারণার শিকার হলে অনেক সময় গ্রাহককেই প্রশ্নের মুখে পড়তে হয়—কেন পিন দিলেন, কেন অপরিচিত লিংকে প্রবেশ করলেন, কেন ফোনের নির্দেশ বিশ্বাস করলেন? গ্রাহকের সতর্কতা অবশ্যই জরুরি। কিন্তু আধুনিক আর্থিক ব্যবস্থায় নিরাপত্তার সম্পূর্ণ দায় গ্রাহকের ওপর চাপিয়ে দেওয়া যুক্তিসংগত নয়।

একটি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের দায়িত্ব হলো তার প্রযুক্তিগত ব্যবস্থাকে নিরাপদ রাখা, সন্দেহজনক লেনদেন শনাক্ত করা, অস্বাভাবিক কার্যক্রম পর্যবেক্ষণ করা, গ্রাহকের তথ্য সুরক্ষিত রাখা এবং অভিযোগ পাওয়ার পর দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া। কোনো হিসাব থেকে অস্বাভাবিক পরিমাণ অর্থ স্থানান্তর, নতুন ডিভাইস থেকে প্রবেশ, অস্বাভাবিক লেনদেনের ধারাবাহিকতা কিংবা সন্দেহজনক একাধিক হিসাবের মধ্যে অর্থ প্রবাহ—এসব শনাক্ত করার সক্ষমতা প্রতিষ্ঠানগুলোর থাকা প্রয়োজন।

বাংলাদেশ ব্যাংক ২০২৬ সালে Cybersecurity Framework, Version 1.0 জারি করেছে। এই কাঠামোতে সাইবার ঝুঁকি ব্যবস্থাপনা, তথ্য সুরক্ষা, নেটওয়ার্ক নিরাপত্তা, প্রবেশাধিকার নিয়ন্ত্রণ, হুমকি পর্যবেক্ষণ, সাইবার ঘটনা মোকাবিলা এবং তৃতীয় পক্ষের ঝুঁকি ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে কাঠামো বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

এখন প্রয়োজন নির্দেশনার বাস্তব প্রয়োগ। শুধু নীতিমালা তৈরি কিংবা প্রযুক্তি কেনার মধ্যেই নিরাপত্তা সীমাবদ্ধ থাকলে চলবে না। নিয়মিত নিরাপত্তা পরীক্ষা, কর্মীদের প্রশিক্ষণ, তথ্যের ব্যাকআপ, দুর্বলতা শনাক্তকরণ, জরুরি পরিস্থিতিতে সেবা পুনরুদ্ধার এবং দায়িত্ব নির্ধারণের কার্যকর ব্যবস্থা থাকতে হবে। সাইবার নিরাপত্তাকে শুধু আইটি বিভাগের কাজ হিসেবে নয়, প্রতিষ্ঠানের সামগ্রিক ঝুঁকি ব্যবস্থাপনা ও পরিচালনাগত দায়িত্ব হিসেবে বিবেচনা করতে হবে।

ডিজিটাল প্রতারণার ঘটনায় অর্থ উদ্ধার কঠিন হওয়ার অন্যতম কারণ হলো সময়। প্রতারণার অর্থ একবার একাধিক হিসাব বা ওয়ালেটে স্থানান্তরিত হয়ে গেলে তা শনাক্ত ও উদ্ধার করা জটিল হয়ে পড়ে। তাই অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে তথ্য আদান-প্রদান ও দ্রুত ব্যবস্থা নেওয়ার সক্ষমতা বাড়ানো জরুরি।

ব্যাংক, মোবাইল আর্থিক সেবাদাতা ও অন্যান্য পেমেন্ট প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত প্রতারণা শনাক্তকরণ ব্যবস্থা গড়ে তোলা যেতে পারে। সন্দেহজনক লেনদেন শনাক্ত হলে দ্রুত যাচাই, প্রয়োজনীয় ক্ষেত্রে সাময়িক লেনদেন স্থগিত, সংশ্লিষ্ট হিসাব শনাক্ত এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের ব্যবস্থা থাকা প্রয়োজন।

একই সঙ্গে অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়াকে সহজ করতে হবে। একজন গ্রাহক যেন একাধিক প্রতিষ্ঠানের কাছে ঘুরে বেড়াতে না হয়। অভিযোগ গ্রহণের পর একটি নির্দিষ্ট নম্বর, তদন্তের অগ্রগতি এবং সম্ভাব্য সমাধানের সময়সীমা জানানো হলে গ্রাহকের ভোগান্তি কমবে। অভিযোগের জবাব শুধু আনুষ্ঠানিক বার্তায় সীমাবদ্ধ না রেখে বাস্তব অগ্রগতি জানাতে হবে।

সব প্রতারণার ঘটনায় অর্থ ফেরত দেওয়ার নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়। তবে প্রতিষ্ঠানের নিরাপত্তাগত দুর্বলতা, অননুমোদিত প্রবেশ বা অভিযোগ পাওয়ার পর অযৌক্তিক বিলম্বের কারণে ক্ষতি বাড়লে দায় নির্ধারণের স্বচ্ছ নীতিমালা থাকা দরকার। গ্রাহকের অধিকার ও প্রতিষ্ঠানের দায়িত্ব—দুটিই ন্যায়সংগতভাবে বিবেচনা করতে হবে।

গ্রাহক সুরক্ষায় প্রয়োজন সমন্বিত উদ্যোগ

ডিজিটাল আর্থিক ব্যবস্থায় আস্থা ফিরিয়ে আনতে কয়েকটি পদক্ষেপ বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা যেতে পারে। প্রথমত, দ্রুত অভিযোগ ও প্রতিকার ব্যবস্থা—প্রতারণার অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার বাধ্যবাধকতা এবং অভিযোগ নিষ্পত্তির সময়সীমা নির্ধারণ করা প্রয়োজন। দ্বিতীয়ত, আন্তঃপ্রতিষ্ঠান সমন্বয়—ব্যাংক, মোবাইল আর্থিক সেবাদাতা, পেমেন্ট সিস্টেম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে দ্রুত তথ্য বিনিময়ের কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে হবে।

তৃতীয়ত, গ্রাহক সচেতনতা—প্রচারণা হতে হবে নিয়মিত, বাস্তবভিত্তিক ও সহজবোধ্য। গ্রাহককে শুধু ঝুঁকি সম্পর্কে সতর্ক করাই নয়, প্রতারণার শিকার হলে কী করবেন, কোথায় অভিযোগ করবেন এবং কী তথ্য সংরক্ষণ করবেন—সেটিও শেখাতে হবে। চতুর্থত, জবাবদিহি নিশ্চিত করা—আর্থিক প্রতিষ্ঠানগুলোর সাইবার নিরাপত্তা, অভিযোগ নিষ্পত্তি, গ্রাহকসেবা এবং প্রতারণা প্রতিরোধ কার্যক্রম নিয়মিত মূল্যায়ন করতে হবে। দুর্বলতা পাওয়া গেলে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ ও অগ্রগতি পর্যবেক্ষণ জরুরি।

ডিজিটাল অর্থনীতির ভিত্তি হোক আস্থা

বাংলাদেশ ব্যাংকের গ্রাহক স্বার্থ সংরক্ষণ কেন্দ্র (CIPC) ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও মোবাইল আর্থিক সেবাসংক্রান্ত অভিযোগ গ্রহণ করে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অভিযোগ জানানোর পর প্রয়োজন হলে বাংলাদেশ ব্যাংকের ১৬২৩৬ নম্বরে, ই-মেইলে কিংবা অনলাইন অভিযোগ ব্যবস্থার মাধ্যমে প্রতিকার চাওয়া যায়।

বাংলাদেশের ডিজিটাল আর্থিক অগ্রযাত্রা থামিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই; বরং এই অগ্রযাত্রাকে নিরাপদ, দায়িত্বশীল ও জনবান্ধব করে তোলাই সময়ের দাবি। প্রযুক্তি মানুষের জীবন সহজ করবে, অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করবে এবং আর্থিক সেবাকে আরও বিস্তৃত করবে—এটাই প্রত্যাশা। কিন্তু সেই প্রযুক্তি যদি মানুষের সঞ্চয় হারানোর আতঙ্ক তৈরি করে, তাহলে অগ্রগতির সুফল পূর্ণতা পাবে না।

ডিজিটাল লেনদেনের সাফল্য শুধু লেনদেনের সংখ্যা, গতি কিংবা নতুন অ্যাপের বিস্তারে পরিমাপ করা উচিত নয়। কত মানুষ নিরাপদে সেবা পাচ্ছেন, প্রতারণার ঘটনা ঘটলে কত দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে, কত অর্থ উদ্ধার হচ্ছে, অভিযোগকারী কতটা প্রতিকার পাচ্ছেন এবং প্রতিষ্ঠানগুলো কতটা জবাবদিহি করছে—এসবও সাফল্যের গুরুত্বপূর্ণ সূচক।

মানুষ তার অর্থের নিরাপত্তা নিয়ে নিশ্চিন্ত থাকলে ডিজিটাল সেবার প্রতি আস্থা বাড়বে। সেই আস্থা বাড়লে ব্যাংকিং ব্যবস্থার প্রতি মানুষের অংশগ্রহণ, আর্থিক অন্তর্ভুক্তি ও প্রযুক্তিনির্ভর অর্থনীতির বিকাশ আরও শক্তিশালী হবে।

অতএব, ডিজিটাল লেনদেনের ভবিষ্যৎ শুধু প্রযুক্তির উন্নয়নে নয়; নির্ভর করছে নিরাপত্তা, জবাবদিহি, দ্রুত প্রতিকার ও মানুষের আস্থা প্রতিষ্ঠার ওপর। লেনদেনের গতি আমাদের আধুনিকতার পরিচয়, আর মানুষের অর্থের নিরাপত্তা সেই আধুনিকতার প্রকৃত পরীক্ষা। এখন ডিজিটাল লেনদেনে ওটিপির পাশাপাশি প্রতিটা ডিজিটাল লেনদেনে ফিংগারপ্রিন্ট চালুর এটাই উপযুক্ত সময়।

লেখক : ব্যাংকার, লেখক ও কলামিস্ট।