প্রচ্ছদ » অর্থ ও বাণিজ্য » বিস্তারিত
আবারও বাড়লো সোনার দাম
২০২৬ নভেম্বর ২৮ ১৩:৪৩:১৬
স্টাফ রিপোর্টার : তেজাবি সোনার দাম বাড়ায় এক দিনের ব্যবধানে দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বাড়ানো হয়েছে ২ হাজার ৬২৫ টাকা।
এতে ভ্যাটসহ ভালো মানের প্রতিভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকা। আজ সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকালে এই দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে জুয়েলারি ব্যবসায়ীরা।
নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতিভরি সোনার দাম ২ হাজার ৬২৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকা।
২১ ক্যারেটের প্রতিভরি সোনার দাম ২ হাজার ৫০৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৯২ হাজার ৫১৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতিভরি সোনার দাম ২ টাকা ১০০ বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৫ হাজার ৩৩৭ টাকা।
আর সনাতন পদ্ধতির প্রতিভরি সোনার দাম ১ হাজার ৭৪৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৪ হাজার ৭৭৭ টাকা।
এর আগে গত ২৭ নভেম্বর ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতিভরি সোনার দাম ১ হাজার ৩৯ টাকা বাড়িয়ে এক লাখ ৯৮ হাজার ৯২৯ টাকা, ২১ ক্যারেটের প্রতিভরি সোনার দাম ৯৯১ টাকা বাড়িয়ে ১ লাখ ৯০ হাজার ০৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতিভরি সোনার দাম ৮৭৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ২৩৭ টাকা ও সনাতন পদ্ধতির প্রতিভরি সোনার দাম ৭০০ টাকা বাড়িয়ে ১ লাখ ৩৩ হাজার ২৮ টাকা নির্ধারণ করা হয়।
এদিকে সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতিভরি রুপার দাম ৩ হাজার ৩২ টাকা, ২১ ক্যারেটের প্রতিভরি রুপার দাম ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতিভরি রুপার দাম ২ হাজার ৫০৮ টাকা ও সনাতন পদ্ধতির প্রতিভরি রুপার দাম ১ হাজার ৯২৪ টাকা।
এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৪৮ বার সমন্বয় করা হয়েছে সোনার দাম। যেখানে দাম ৬৯ দফা বাড়ানো হয়েছে। কমানো হয়েছে ৭৯ দফা। ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল। আর কমানো হয়েছিল ২৯ বার।
দেশের বাজারে গত ২৯ জানুয়ারি সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতিভরি সোনার দাম ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা নির্ধারণ করা হয়, যা দেশের ইতিহাসে রেকর্ড সৃষ্টি করে। এটাই ছিল সোনার সর্বোচ্চ দাম।
(ওএস/এএস/নভেম্বর ২৮, ২০২৬)
