প্রচ্ছদ » রাজনীতি » বিস্তারিত
‘অভ্যুত্থানের চেতনার পূর্ণাঙ্গ বাস্তবায়নই জাতীয় ঐক্যের ভিত্তি হতে পারে’
২০২৬ নভেম্বর ২৮ ১৩:৪৫:১৫
স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বান প্রসঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, “অভ্যুত্থানের চেতনার পূর্ণাঙ্গ বাস্তবায়নই জাতীয় ঐক্য প্রতিষ্ঠার ভিত্তি হতে পারে।” জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে কালক্ষেপণ না করে গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে তিনি এ আহ্বান জানান।
জামায়াত আমির বলেন, “সংবিধান সংশোধন নয়, গণভোটের রায় অনুযায়ী সংস্কার করতে হবে। কোনো কিছুর বিনিময়ে জামায়াত গণভোটের রায় বাস্তবায়নের আন্দোলন থেকে সরে আসবে না। গণভোটের রায় উপেক্ষা করা হলে পুরোনো ফ্যাসিস্টরা আবারো ফিরে আসার পথ খুঁজে পাবে।”
ডা. শফিকুর রহমান বলেন, “বিএনপি কথা দিয়েছিল, তারা আর অতীতের রাজনীতিতে ফিরে যাবে না। কিন্তু, অতীতের মতো দলীয়করণের পথে হাঁটছে তারা। একটি জাতি যদি দলীয়করণকৃত শিক্ষাব্যবস্থা পায়, তবে সেই শিক্ষাব্যবস্থার ভবিষ্যৎ অনিশ্চিত।”
তিনি বলেন, “একসময়ের মজলুম একটি দল অভ্যুত্থানের পর যেভাবে চরিত্র বদল করেছে, তাতে জনগণ তাদের প্রতি আর আস্থা রাখতে পারছে না।”
সার্বভৌমত্ব রক্ষায় দেশের সশস্ত্র বাহিনী ও জনগণকে এক কাতারে আসার আহ্বান জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, “আমাদের প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই। কিন্তু পার্শ্ববর্তী একটি দেশের আচরণ বন্ধুত্বপূর্ণ নয়।” আধিপত্যবাদমুক্ত বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
(ওএস/এএস/নভেম্বর ২৮, ২০২৬)
