ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

সোনাতলায় নভেম্বরে ডেংগু আক্রান্ত ২১ রোগী, শীতে বাড়ছে হাঁপানির ভোগান্তি

২০২৬ নভেম্বর ২৮ ১৭:২৯:৫২
সোনাতলায় নভেম্বরে ডেংগু আক্রান্ত ২১ রোগী, শীতে বাড়ছে হাঁপানির ভোগান্তি

বিকাশ স্বর্ণকার, সোনাতলা : বগুড়ার সোনাতলায় ডেংগুর সংক্রমণ ও শীতজনিত শ্বাসকষ্ট নিয়ে উদ্বেগ বাড়ছে। নভেম্বরের প্রথম ২৭ দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২১ জন ডেংগু আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন। অন্যদিকে শীতের প্রকোপ বাড়ায় শিশু ও বয়স্কদের মধ্যে হাঁপানি ও শ্বাসকষ্টের সমস্যা দেখা দিচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ডেংগু আক্রান্তদের মধ্যে অধিকাংশ চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে হাসপাতালে দুজন ডেংগু রোগী ভর্তি রয়েছেন। আক্রান্তদের চিকিৎসায় পৃথক আইসোলেশন ওয়ার্ড ও শয্যার ব্যবস্থা রয়েছে। এমনকি হাসপাতালের একজন চিকিৎসকও ডেংগু আক্রান্ত হয়েছিলেন বলেও জানা গেছে।

চিকিৎসকদের মতে, ডেংগু বহনকারী এডিস মশা দিনের বেলায়, বিশেষ করে সকাল ও বিকেলে বেশি সক্রিয় থাকে। তাই দিনের বেলাতেও মশার কামড় থেকে সুরক্ষিত থাকতে হবে। বাড়ির আশপাশে জমে থাকা পানি, ফুলের টব,ড্রাম ও পরিত্যক্ত পাত্র নিয়মিত পরিষ্কার রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।এদিকে শীত বাড়ার সঙ্গে সঙ্গে হাঁপানি ও শ্বাসকষ্টের ভোগান্তিও বাড়ছে। ঠান্ডা বাতাস, ধুলাবালি ও ধোঁয়া এসব রোগীর সমস্যা তীব্র করতে পারে। শ্বাসকষ্ট বেড়ে গেলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যসংশ্লিষ্টরা।

সোনাতলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শরিফুল রেজোয়ান শাথীল বলেন, নভেম্বর মাসে ২১ জন ডেংগু রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। ডেংগু চিকিৎসার পর্যাপ্ত ঔষুধ মজুত রয়েছে। পাশাপাশি হাঁপানি রোগীদেরও চিকিৎসা দেওয়া হচ্ছে। রোগে আক্রান্ত হলে দুশ্চিন্তা নয় হাসপাতালে এসে চিকিৎসা নেয়ার পরামর্শ দেন তিনি।

(বিএস/এসপি/নভেম্বর ২৮, ২০২৬)